অত্যাধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলব: শি জিনপিং
-
চীনের সেনাবাহিনী
চীনের সেনাবাহিনীকে আরো আধুনিকীকরণ এবং শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের গণমুক্তি ফৌজের ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেয়া বক্তব্যে শি এ আহ্বান জানান।
চীনের গণমুক্তি ফৌজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল এলাকা নিয়ে প্রতিষ্ঠিত জুরিয়ে সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে বড় ধরনের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ ঘাঁটিটি চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্বশাষিত এলাকায় অবস্থিত। কুচকাওয়াজ অনুষ্ঠানে ৭০০ জঙ্গিবিমানসহ বিপুল পরিমান সামরিক সরঞ্জাম নিয়ে ১২,০০০ সেনা অংশ নিয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা প্রেসিডেন্ট শি জিনপিং যেকোনো আগ্রাসী শত্রুবাহিনীকে পরাজিত করতে সক্ষম এমন বিশ্ব মানের চীনা সেনাবাহিনী গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন।
তিনি বলেন, "এটা বলা যাবে না যে বিশ্ব সব সময় শান্তির আবাস ভূমি। বরং এখানে শান্তিকে সুরক্ষা দিতে হয়। একটি নব-চীনা জাতি প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে আমরা যেকোনো সময় এবং ইতিহাসের তুলনায় এখন খুব কাছাকাছি স্থানে রয়েছি। আমাদেরকে একটি শক্তিশালী গণফৌজ গড়ে তুলতে হবে।"
ডোকালাম নিয়ে ভারত ও চীনের মধ্যে যখন উত্তেজনা চলছে তখন চীনে পালিত হচ্ছে গণমক্তি ফৌজের প্রতিষ্ঠা দিবস।#