বাল্টিকের আকাশে রুশ ৩ বিমানকে প্রতিহত করল ন্যাটোর যুদ্ধবিমান
https://parstoday.ir/bn/news/world-i43298-বাল্টিকের_আকাশে_রুশ_৩_বিমানকে_প্রতিহত_করল_ন্যাটোর_যুদ্ধবিমান
বাল্টিকের আকাশে রাশিয়ার তিনটি বিমানকে প্রতিহত করেছে ন্যাটো সামরিক জোটের দুই যুদ্ধবিমান। এস্তোনিয়ার কাছাকাছি নিরপেক্ষ আকাশসীমায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ন্যাটো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০২, ২০১৭ ০৩:৩০ Asia/Dhaka
  • মিগ-৩১ যুদ্ধবিমান (ফাইল ফটো)
    মিগ-৩১ যুদ্ধবিমান (ফাইল ফটো)

বাল্টিকের আকাশে রাশিয়ার তিনটি বিমানকে প্রতিহত করেছে ন্যাটো সামরিক জোটের দুই যুদ্ধবিমান। এস্তোনিয়ার কাছাকাছি নিরপেক্ষ আকাশসীমায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ন্যাটো।

ন্যাটোর বিবৃতিতে বলা হয়েছে, বাল্টিক আকাশসীমা নজরদারিতে নিয়োজিত স্পেনের দুটি এফ-১৮ জঙ্গিবিমান রুশ বিমানগুলোকে প্রতিহত করে। এস্তোনিয়ার আমারি বিমান ঘাঁটি থেকে উড়েছিল এফ-১৮ যুদ্ধবিমান দুটি। এছাড়া ফিনল্যান্ডের কয়েকটি যুদ্ধবিমানও তাদের সঙ্গে যোগ দেয়। তবে ফিনল্যান্ডের বিমানের সংখ্যা জানানো হয়নি।

রুশ বিমানগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং দুটি মিগ-৩১ ও একটি এএন-২৬ পরিবহন বিমান ছিল। ন্যাটো বলেছে, রুশ বিমান প্রতিহত করার সময় স্পেনের এফ-১৮ জঙ্গিবিমান দুটি অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছিল। ঘটনাক্রমে এমনটি হয়েছে বলেও দাবি করেছে ন্যাটো।

এদিকে,  রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বাল্টিকের নিরপেক্ষ আকাশসীমায় প্রশিক্ষণে নিয়োজিত ছিল তাদের বিমানগুলো। আকাশসীমা ব্যবহারের নিয়ম কঠোরভাবে মেনে চলছিল রুশ বিমানগুলো এবং অন্য দেশের আকাশসীমা লঙ্ঘন করে নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত কয়েক বছর ধরে বাল্টিকের আকাশে রুশ এবং ন্যাটোর বিমান প্রতিহত করার ঘটনা অহরহ ঘটছে। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে একত্রীকরণ এবং ইউক্রেন সঙ্কটকে কেন্দ্র করে ন্যাটো এ এলাকায় তার উপস্থিতি জোরদার করার পর থেকে এসব ঘটনা ঘটছে।#

পার্সটুডে/মূসা রেজা/২