রাশিয়ার সঙ্গে সবচেয়ে কঠিন সময় পার করছি: ন্যাটো মহাসচিব
https://parstoday.ir/bn/news/world-i43482-রাশিয়ার_সঙ্গে_সবচেয়ে_কঠিন_সময়_পার_করছি_ন্যাটো_মহাসচিব
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, স্নায়ুযুদ্ধের পর বর্তমানে রাশিয়ার সঙ্গে সবচেয়ে কঠিন সময় পার করছে এ সামরিক জোট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৭ ১৪:৪৯ Asia/Dhaka
  • জেন্স স্টোলটেনবার্গ
    জেন্স স্টোলটেনবার্গ

উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, স্নায়ুযুদ্ধের পর বর্তমানে রাশিয়ার সঙ্গে সবচেয়ে কঠিন সময় পার করছে এ সামরিক জোট।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে গতকাল (বৃহস্পতিবার) এ কথা বলেছেন স্টোলটেনবার্গ। সম্পর্কের ক্ষেত্রে এ অচলাবস্থা তৈরির জন্য তিনি ইউক্রেনে রুশ হস্তক্ষেপকে দায়ী করেন। তিনি তার ভাষায় বলেন, “স্নায়ুযুদ্ধের পর আমরা আশা করেছিলাম যে, রাশিয়ার সঙ্গে আমরা ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলব। কিন্তু ২০১৪ সালে ক্রিমিয়াকে অবৈধভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেয়ার পর মস্কো ও ন্যাটোর সম্পর্ক মারাত্মক খারাপ পর্যায়ে চলে গেছে।” তিনি দাবি করেন, রাশিয়ার সঙ্গে উত্তেজনা এড়িয়ে চলতে ন্যাটো জোট প্রতিশ্রুতিবদ্ধ এবং মস্কোর সঙ্গে তারা প্রতিরোধ ও সংলাপের নীতি অনুসরণ করবেন।

সম্পর্ক খারাপ করার জন্য স্টোলটেনবার্গ রাশিয়াকে দায়ী করলেও মস্কো সবসময় বলে আসছে, ইউরোপের বহু দেশে ন্যাটোর সেনা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে শুধুমাত্র রুশ সেনাদেরকে লক্ষ্য করে। সে ক্ষেত্রে ন্যাটোর তৎপরতা শান্তিপূর্ণ সহাবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪