মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানালো ইরান ও পাকিস্তান
-
রাজা রব্বানির সঙ্গে (বামে) বৈঠকে সাদেক আমোলি লারিজানি
ভেদাভেদ ভুলে ঐক্য প্রতিষ্ঠায় এগিয়ে আসতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচারবিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি ও পাকিস্তানের সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি।
তেহরান সফররত পাক সিনেটর রাজা রব্বানির সঙ্গে রোববার এক বৈঠকে সাদেক লারিজানি বলেন, এ অঞ্চলে চলমান সন্ত্রাসবাদ ও চরমপন্থার মূলে রয়েছে সালাফি এবং ওয়াহাবি মতবাদ। তিনি বলেন, পাকিস্তান ও ইরানের উচিত- দু দেশের তরুণদেরকে চরমপন্থায় যোগ দেয়া ঠেকাতে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ব্যবহার করা।
সাদেক লারিজানি মুসলিম দেশগুলোর মধ্যে দৃষ্টিভঙ্গির নৈকট্যের গুরুত্ব তুলে ধরে বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল মুসলমানদেরকে বিভক্ত করার চেষ্টা করছে; পাশাপাশি তারা ফিলিস্তিনি ইস্যুকে দূরে রাখতে চায়। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা ও ইসরাইল ইসলামকে অপমান করতে সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে। এ অবস্থায় সন্ত্রাসবাদের মতো বিষয়কে মোকোবেলার জন্য মুসলিম দেশগুলোকে পরস্পরের হাত ধরা উচিত।
বৈঠকে পাক সিনেটের চেয়ারম্যান রাজা রব্বানি দু দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইন ও বিচারের ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করার আহ্বান জানান। তিনিও মুসলিম দেশগুলোকে মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭