গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা পরিকল্পনা চলতি মাসের মাঝামাঝি চূড়ান্ত হবে: উ. কোরিয়া
-
পিয়ংইয়ংয়ের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হাওসং-১২
উত্তর কোরিয়া আজ(বৃহস্পতিবার) ঘোষণা করেছে, মার্কিন দ্বীপ গুয়ামে হামলার পরিকল্পনা আগস্টের মাঝামাঝি চূড়ান্ত হয়ে যাবে। আন্তমহাদেশীয় চার ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে। গুয়ামে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন কৌশলগত বিমানঘাঁটিসহ হাজার হাজার মার্কিন সেনা রয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কেসিএনএ জানিয়েছে, দেশটির নেতা কিম জং-উনের কাছে পরিকল্পনা উত্থাপন করা হবে। মার্কিন ভূখণ্ডে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নিবেন বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
কোরিয় গণমুক্তি ফৌজ বা কেপিএর কমান্ডার জেনারেল কিম রাক-গিওমের বরাত দিয়ে জানানো হয়েছে যে পিয়ংইয়ংয়ের হাওসং-১২ আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র জাপানের হিরোশিমার ওপর দিয়ে যেয়ে গুয়ামে আঘাত করবে। এটি ১০৬৫ সেকেন্ডের মধ্যে ৩৩৫৬.৭ কিলোমিটার পাড়ি দিয়ে গুয়ামে আঘাত হানবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তিজ্ঞান হারিয়ে ফেলেছেন এবং প্রচণ্ড বলপ্রয়োগই কেবলমাত্র তার ওপর কাজ করবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে জোরালো বল প্রয়োগের যে হুমকি ট্রাম্প দিয়েছেন তা নিয়েও কথা বলেন তিনি। ট্রাম্পের এ হুমকিকে ‘অর্থহীন প্রলাপ’ বলে মন্তব্য করেন জেনারেল কিম রাক-গিওম।#
পার্সটুডে/মূসা রেজা/১০