বেইজিং দাবি করল: ভারত নিজের গালে নিজেই চড় মারছে
বেইজিং দাবি করেছ, লাদাখের চীন-ভারত অভিন্ন সীমান্তে সড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়ে নয়াদিল্লি ‘নিজের গালে নিজেই চড় মেরেছে।’ লাদাখের পানগং হৃদের কাছে এ সড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারত। চলতি মাসের গোড়ার দিকে চীন-ভারত সেনাবাহিনীর মধ্যে এ অঞ্চলে সংঘর্ষ হয়েছে। অবশ্য সংঘর্ষে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি কিন্তু হাতাহাতি ও পাথর ছোঁড়ার ঘটনায় উভয়পক্ষের সেনা সদস্যরা আহত হয়েছে।
ভারতের প্রতিরক্ষমন্ত্রী সম্প্রতি বলেছেন, চীন সীমান্তে দ্রুত সড়ক নির্মাণ দ্রুততর করতে চাইছে নয়াদিল্লি। দ্রুত সেনা মোতায়েন এবং গোলাবারুদসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ অব্যাহত রাখার জন্য সড়ক নির্মাণ দ্রুততর করা জরুরি বলে উল্লেখ করেন তিনি।
ডোকলাম সীমান্তে গত দুই মাস ধরে চীন-ভারতের মধ্যে যে উত্তেজনা অব্যাহত রয়েছে, নয়াদিল্লির এ ঘোষণা তা আরো তুঙ্গে নিয়ে গেছে।
নয়াদিল্লির এ ঘোষণার প্রতি ইঙ্গিত করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, এতে মনে হচ্ছে ভারত তার নিজের গালে নিজেই চড় মারছে। তিনি নিয়মিত সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন।
তিনি আরো বলেন, ডোকালাম সীমান্তে চীন নিজের এলাকায় একটি সড়ক নির্মাণের সময় নিরাপত্তা অজুহাতে সেখানে ভারতীয় সেনা বাহিনী ঢোকে। চীন-ভারত সীমান্তে নয়াদিল্লির তৎপরতা প্রমাণ করছে যে কথার সঙ্গে কাজের মিল নেই ভারতের।
পশ্চিমাঞ্চলীয় সেক্টরে চীন-ভারত সীমান্ত চূড়ান্ত ভাবে চিহ্নিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত চিহ্নিত করার বিষয়ে চূড়ান্ত ভাবে সমঝোতা না হওয়া পর্যন্ত ওই এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মত হয়েছিল চীন এবং ভারত।
কিন্তু সামরিক প্রয়োজনে ওই এলাকায় ভারতীয় সড়ক নির্মাণ করার তৎপরতা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে না বলেও মন্তব্য করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২৫