ব্রিটেন ও অস্ট্রেলিয়াকে ‘দুঃখজনক পরিণতি’ ভোগ করতে হবে: উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i44816-ব্রিটেন_ও_অস্ট্রেলিয়াকে_দুঃখজনক_পরিণতি’_ভোগ_করতে_হবে_উত্তর_কোরিয়া
উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ব্রিটেন ও অস্ট্রেলিয়া যদি দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বার্ষিক যৌথ মহড়ায় যোগ দেয় তবে তাদেরকে ‘দুঃখজনক পরিণতি’ ভোগ করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৬, ২০১৭ ০৩:৩১ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিদর্শন করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন (ফাইল ছবি)
    ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিদর্শন করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন (ফাইল ছবি)

উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ব্রিটেন ও অস্ট্রেলিয়া যদি দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বার্ষিক যৌথ মহড়ায় যোগ দেয় তবে তাদেরকে ‘দুঃখজনক পরিণতি’ ভোগ করতে হবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। কোরীয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আগ্রাসন চালানোর প্রস্তুতি হিসেবে উল্লেখ করে বার্তা সংস্থাটি বলেছে, “আমেরিকা ও তার ক্রীড়নকেরা যদি ‘মৃত্যু এড়াতে চায়’ তাহলে যেন তারা ‘বিচক্ষণতার’ সঙ্গে সিদ্ধান্ত নেয়।”

বার্তা সংস্থাটি যৌথ সামরিক মহড়ার প্রতি ইঙ্গিত করে আরো বলেছে, “বাস্তবতা প্রমাণ করছে উত্তর কোরিয়ায় আগ্রাসন চালানোর সিদ্ধান্ত থেকে সরে যায়নি আমেরিকা এবং দেশটির ক্রীড়নকেরাও পিয়ংইয়ংয়ের ওপর হামলা চালানোর পাঁয়তারা করছে।“”

কেসিএনএ’র বিবৃতিতে আরো বলা হয়েছে, ব্রিটেন এবং অস্ট্রেলিয়াকেও  ‘উত্তর কোরিয়া-বিরোধী’ সামরিক মহড়ায় নামার জন্য আস্ফালন করতে দেখা যাচ্ছে। কিন্তু তাদের জানা উচিত তারা এ মহড়ায় যোগ দিলে ‘দুঃখজনক পরিণতির’ মুখোমুখি হবে।

আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়া গত ২১ আগস্ট শুরু হয়েছে এবং তা চলতি মাসের শেষ নাগাদ চলবে। গত বছরের মহড়ায়  অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, কলম্বিয়া ও নেদারল্যান্ড যোগ দিয়েছিল।

উত্তর কোরিয়া কয়েকদিন আগেও একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, এবার যদি দেশটি এ মহড়ায় যোগ দেয় তাহলে তা হবে তার ‘আত্মহত্যার’ শামিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬