ট্রাম্পের আফগান নীতি নিয়ে আলোচনা করতে চীন যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i45345-ট্রাম্পের_আফগান_নীতি_নিয়ে_আলোচনা_করতে_চীন_যাচ্ছেন_পাক_পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান বিষয়ক নতুন নীতি ঘোষণা করার পর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য চীন যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। আগামীকাল (শুক্রবার) তিনি বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে ট্রাম্পের আফগান নীতি ছাড়াও দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৭ ০৭:০৫ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ
    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান বিষয়ক নতুন নীতি ঘোষণা করার পর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য চীন যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। আগামীকাল (শুক্রবার) তিনি বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে ট্রাম্পের আফগান নীতি ছাড়াও দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা হবে।

আমেরিকার নতুন আফগান নীতির ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় কর্মকৌশল ঠিক করার জন্য পাকিস্তানি রাষ্ট্রদূতদের তিনদিনের সম্মেলন শেষে চীন সফরে যাচ্ছেন খাজা আসিফ।

এ বিষয়ে পাক পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলেছে, "আঞ্চলিক দেশগুলো সফরের প্রথম পর্যায়ে চীন সফর করবেন খাজা আসিফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতমাসে আফগানিস্তান বিষয়ক নতুন নীতি ঘোষণা করেছেন এবং এ পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের প্রতি সমর্থন আদায়ে এ সফর করবেন তিনি।"

বেইজিং সফরকালে খাজা আসিফ চীনের স্টেট কাউন্সিলর ইয়াং জেইচির সঙ্গেও সাক্ষাৎ করবেন। এর আগে তিনি আফগান পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রব্বানির সঙ্গে ফোনে আলাপ করেছেন। এ সময় রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তাসহ সবক্ষেত্রে কাবুলকে সহায়তা করতে ইসলামাবাদ প্রস্তুত বলে জানান আসিফ। আফগান নেতৃত্বাধীন দেশটির নিজস্ব শান্তি প্রক্রিয়ার প্রতি পাকিস্তানের সমর্থনও ব্যক্ত করেন তিনি।

গত ২১ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প নতুন আফগান নীতি ঘোষণা করেন। এ সময় তিনি সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেন।# 

পার্সটুডে/মূসা রেজা/৭