রুশ এসইউ-৩০ পরীক্ষামূলক চালানোর সময়ে নিহত হয়েছেন মার্কিন পাইলট!
https://parstoday.ir/bn/news/world-i45741-রুশ_এসইউ_৩০_পরীক্ষামূলক_চালানোর_সময়ে_নিহত_হয়েছেন_মার্কিন_পাইলট!
মার্কিন বিমান বাহিনীর অন্যতম মেধাবী পাইলট লে. কর্নেল এরিন শুলজ গত মঙ্গলবার একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। নেভাদার উড্ডয়ন পরীক্ষা কেন্দ্রে নিহত হন তিনি। অবশ্য, তিনি কি ধরণের বিমান নিয়ে আকাশে উঠেছিলেন সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছে মার্কিন বিমান বাহিনী। কিন্তু সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন, পরীক্ষামূলক উড্ডয়নের সময়ে রুশ অত্যাধুনিক যু্দ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন তিনি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ০৭:৪৫ Asia/Dhaka
  • রুশ এসইউ-৩০ পরীক্ষামূলক চালানোর সময়ে নিহত হয়েছেন মার্কিন পাইলট!

মার্কিন বিমান বাহিনীর অন্যতম মেধাবী পাইলট লে. কর্নেল এরিন শুলজ গত মঙ্গলবার একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। নেভাদার উড্ডয়ন পরীক্ষা কেন্দ্রে নিহত হন তিনি। অবশ্য, তিনি কি ধরণের বিমান নিয়ে আকাশে উঠেছিলেন সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছে মার্কিন বিমান বাহিনী। কিন্তু সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন, পরীক্ষামূলক উড্ডয়নের সময়ে রুশ অত্যাধুনিক যু্দ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন তিনি।

মার্কিন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ক্যালটেক থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি এবং পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন এরিখ শুলজ। আফগানিস্তানে ৫০ দফা মিশন পরিচালনা করার অভিজ্ঞতা তার রয়েছে। এ ছাড়া, যান্ত্রিক সমস্যাপূর্ণ মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ উড্ডয়নের যে সুযোগ প্রথম ৩০ জন মার্কিন পাইলটকে দেয়া হয়েছে তাদের অন্যতম শুলজ।

মার্কিন ন্যাভাল এয়ার ওয়ারফেয়ার কেন্দ্রে টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবেও কাজের অভিজ্ঞতা ছিল তার। এ রকম বর্ণাঢ্য  অভিজ্ঞতা সম্পন্ন পাইলট কি করে দুর্ঘটনা নিহত হলেন সে প্রশ্ন নানা মহল থেকেই উঠেছে। এ ছাড়া, এটি ঘটেছে মার্কিন বিমান বাহিনীর একটি বহুল ব্যবহৃত উড্ডয়ন পরীক্ষা কেন্দ্রে।

বিমান বিষয়ক মার্কিন সাপ্তাহিক অ্যাভিয়েশন উইক দেশটির কয়েকটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে, বিদেশি যুদ্ধবিমান উড্ডয়ন এবং মূল্যায়নে নিয়োজিত একটি স্কোয়াড্রনের সঙ্গে জড়িত ছিলেন শুলজ। এটি বিদেশি বিমান বিশেষ করে রুশ বিমান বাহিনীর বিমান উড্ডয়নে জড়িত।

অবশ্য, শুলজ যে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন সে সম্পর্কে কোনো তথ্যেই প্রকাশ করা হবে না এবং বিষয়টি অত্যন্ত গোপনীয় বলে মার্কিন বিমানবাহিনী থেকে জানিয়ে দেয়া হয়েছে।

অ্যাভিয়েশন উইক ধারণা করছে, রুশ এসইউ-২৭ বা অত্যাধুনিক এসইউ-৩০ বিমান চালানোর সময়ে নিহত হয়েছেন শুলজ। ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার মতো মার্কিন মিত্রদেশগুলো রুশ এ বিমান কিনেছে এবং তাদের কাছ থেকে বিমানটি হাতিয়ে নেয়া আমেরিকার পক্ষে কঠিন কিছু নয় বলে ধারণা ব্যক্ত করেছে মার্কিন সুত্রগুলো।#

পার্সটুডে/মূসা রেজা/১৩