এবার জাপানকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিল উ. কোরিয়া
পরমাণু অস্ত্র ব্যবহারের মাধ্যমে জাপানকে ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। কোরিয়া এশিয়া-প্যাসিফিক পিস কমিটির একটি বিবৃতি উদ্ধৃত করে জাপানকে দেওয়া হুমকির বিষয়টি উত্তর কোরিয়ার রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা কেসিএনএ আজ প্রচার করেছে। কমিটি উত্তর কোরিয়ার বৈদেশিক সম্পর্ক ও প্রচারণার বিষয়টি দেখাশোনা করে।
কমিটি আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, "উত্তর কোরিয়ার কাছে জাপানের থাকার কোনো দরকার নেই। জুস পারমাণবিক বোমা দিয়ে জাপান দ্বীপপুঞ্জকে সাগরে ডুবিয়ে দেয়া উচিত।" পিয়ংইয়ংয়ের আত্মরক্ষার স্লোগান হচ্ছে জুস।
পিয়ংইয়ংয়ের এই হুমকি কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কমিটির দেয়া বিবৃতির কিছুক্ষণ পরই জাপানের মন্ত্রী পরিষদের সচিব ইউশিহিদি সুগা উত্তর কোরিয়ার সবশেষ এই হুমকির নিন্দা জানিয়ে একে ন্যক্কারজনক উসকানি হিসেবে আখ্যায়িত করেছেন।
পিয়ংইয়ংয়ের কয়েক দফা পরমাণু বোমা পরীক্ষার পরিপ্রেক্ষিতে জাপানের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কে ব্যাপক টানাপড়েনের সৃষ্টি হয়েছে। আমেরিকার মাধ্যমে উত্থাপিত পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার প্রতি জাপানের জোর সমর্থন রয়েছে বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৪