রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চলছে, অ্যামনেস্টির উপগ্রহ চিত্রে প্রমাণ
মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত সংখ্যালঘু নিধন চালিয়ে যাওয়ার বিষয়টি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে। রোহিঙ্গা মুসলমানদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে মিয়ানমার সরকার পোড়ামাটি নীতি নিয়েছে বলে উপগ্রহ থেকে নেয়া ছবিতে ওঠে এসেছে। এসব ছবি প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মিয়ানমারের গোটা উত্তরাঞ্চলীয় অংশ জুড়ে পোড়ামাটি নীতি নেয়ার বিষয়টি এসব ছবিতে ধরা পড়েছে। উপগ্রহ থেকে নেয়া ছবি ও ভিডিও ফুটেছে আগুন জ্বালিয়ে দেয়ার বিষয়টি ধরা পড়েছে।
রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বের করে দেয়ার অংশ হিসেবে দেশটির নিরাপত্তা বাহিনী উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশে মুসলমানদের ঘরবাড়িতে ব্যাপকভাবে আগুন দিচ্ছে। অ্যামনেস্টি বলেছে, উপগ্রহ থেকে নেয়া ছবিতে এর অকাট্য প্রমাণ পাওয়া গেছে।
অ্যামনেস্টির কর্মকর্তা তারানা হাসান বলছেন, এটা পরিষ্কার যে সুপরিকল্পিতভাবে এসব সহিংসতা চালানো হচ্ছে। প্রমাণ হিসেবে অ্যামনেস্টি বলছে, যেসব জায়গায় আগুন দেয়া হয়েছে সেই জায়গাগুলোর আগের চার বছরের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা কোন অগ্নিসংযোগের ঘটনা দেখতে পাননি। বেছে বেছে রোহিঙ্গা গ্রামগুলোতেই আগুন দেয়া হয়েছে। যেসব গ্রামে রোহিঙ্গা এবং রাখাইনরা পাশাপাশি বাস করে, সেখানে রাখাইন বাড়িগুলো আগুনের হাত থেকে বেঁচে গেছে বলে অ্যামনেস্টি এই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মানবাধিকার সংস্থাটি আরো বলেছে, ২৫ আগস্টের পর থেকে রাখাইনের বসতি এলাকাগুলোতে বড় ধরণের অন্তত ৮০টি আগুন দেয়ার ঘটনা ধরা পড়েছে। মিয়ানমারের সেনাবাহিনী এবং তাদের সহযোগী স্থানীয় গোষ্ঠীগুলো এই কাজ করছে বলে অ্যামনেস্টি তাদের প্রতিবেদনে উল্লেখ করছে।#
পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/১৫