'ভারতের উত্তরপূর্বাঞ্চলে, জাপানসহ কারোই বিনিয়োগ চায় না চীন'
চীন বলেছে, ভারতের উত্তরপূর্বাঞ্চলে, জাপানসহ কারোই বিনিয়োগ চায়না। এ ছাড়া, ভারতের সঙ্গে বিরাজমান সীমান্ত বিরোধ নিরসনে তৃতীয় যে কোনো পক্ষের নাক গলানোরও বিরোধিতা করে বেইজিং।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ভারত সফর শেষ হওয়ার মাত্র একদিন পরই এ বক্তব্য দিল চীন। দুই দিনের ভারত সফরকালে নয়াদিল্লি-টোকিও দ্বিপাক্ষিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাসহ দেশটির দূরবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে বিনিয়োগের প্রতিশ্রুতি দেন অ্যাবে।
ভারত তার দীর্ঘ দিনের নীতি থেকে সরে এসে দেশটির উত্তরপূর্বাঞ্চল বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেয়ার পদক্ষেপ নিয়েছে। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ জানাল চীন। এ অঞ্চলের ওপর চীনের দাবির কথা এ সুযোগে আবার ভারতকে স্মরণ করিয়ে দেয় বেইজিং ।
চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র হুয়া চুনিং বলেন, চীন-ভারতের সীমান্ত পুরোপুরি চিহ্নিত হয়নি। পূর্বাঞ্চলের সীমান্তে এখনো বিরোধ রয়েছে। উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর জন্য আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থায় এটির প্রতি বিভিন্ন পক্ষের সম্মান দেখানো উচিত। এ ছাড়া, চীন-ভারত বিরোধ নিষ্পত্তি তৎপরতায় তৃতীয় কোনো পক্ষের নাক গলানো উচিত নয় বলেও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১৬