জাতিসংঘের ভাষণে আব্বাসি ‘ভারত সমর্থিত সন্ত্রাস’ বন্ধের আহ্বান জানালেন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে বিরাজমান সব সংকট বিশেষ করে কাশ্মির নিয়ে ইসলামাবাদের সংলাপের আহ্বান আবারো ভারতের প্রতি জানিয়েছেন।
পাশাপাশি বলেছেন, পাকিস্তানের বিশৃঙ্খলতা সৃষ্টির জন্য সন্ত্রাসবাদীদের প্রকাশ্য ও পরোক্ষভাবে অস্ত্র ও অর্থ যোগানো যদি নয়াদিল্লি বন্ধ রাখে তাহলেই কেবল সংলাপ হতে পারে।
জাতিসংঘে দেয়া প্রথম ভাষণে তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ব্যবস্থাসহ সব অমীমাংসিত বিষয়ে বিশেষ করে কাশ্মির নিয়ে সংলাপ শুরুর জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে।
কাশ্মির নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একজন বিশেষ দূত নিয়োগ দেয়ার আহ্বানও জানান তিনি। কাশ্মিরিদের দমনের জন্য ব্যাপক এবং নির্বিচারে ভারত বল প্রয়োগ করছে বলে অভিযোগ করেন তিনি। কাশ্মিরে তরুণ, নারী এবং শিশুদের প্রতি নির্বিচারে গুলি চালানোয় শত শত কাশ্মিরি নিহত এবং আহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
কাশ্মিরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ছররা গুলি ব্যবহার এবং রাষ্ট্রীয় নীতি হিসেবে ধর্ষণ বন্ধ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি কাশ্মিরের আটক সব নেতার মুক্তিও দাবি করেন তিনি।
পাক-ভারত পরিস্থিতি বিপজ্জনক দিকে মোড় নেয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। কাশ্মির সীমান্তে ভারতের ঘন ঘন যুদ্ধবিরতির লঙ্ঘনের কথা উল্লেখ করে তিনি বলেন, কাশ্মিরে চালানো বর্বরতা থেকে বিশ্বের নজর ফেরানোর জন্য এমনটা করা হয়। পাশাপাশি তিনি বলেন, কাশ্মির সীমান্তে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে ‘সীমিত যুদ্ধের’ নীতি বজায় রাখে তবে তার কঠোর ও যথাযথ জবাব দেয়া হবে।#
পার্সটুডে/মূসা রেজা/২২