ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে: স্বীকার করলেন মার্কিন সেনাপ্রধান
-
মার্কিন জয়েন্ট চীফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড
তেহরানের শান্তিপূর্ণ পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে যে সমঝোতা হয়েছে ইরান তা পুরোপুরি মেনে চলছে বলে স্বীকার করেছেন মার্কিন জয়েন্ট চীফস অব স্টাফের প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড। একই সঙ্গে ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটন সরে এলে তা আমেরিকার জন্য ক্ষতিকর পরিণতি বয়ে আনবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গতকাল মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির ব্রিফিংয়ে জেনারেল জোসেফ ডানফোর্ড ইরানের পক্ষ থেকে পরমাণু সমঝোতা মেনে চলার বিষয়ে এসব মন্তব্য করেন। তিনি গতকাল (মঙ্গলবার) বলেন, পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে পরমাণু সমঝোতা পত্র বা জেসিপিওএ স্বাক্ষরিত হয়েছে তা তেহরান পুরোপুরি মেনে চলছে। তিনি আরো বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার সরে যাওয়ার সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে অন্যান্য দেশও আমেরিকার সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যেতে চাইবে না।
জেনারেল ডানফোর্ড বলেন, "আমি যেসব প্রতিবেদন পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে, জেসিপিওএ'র প্রতি ইরান প্রতিশ্রুতিবদ্ধ। আমার মনে হচ্ছে, ওয়াশিংটন যেহেতু এ সমঝোতায় স্বাক্ষর করেছে তাই এটি মেনে চলা আমেরিকার জন্যও গুরুত্বপূর্ণ। অন্যথায় ওয়াশিংটন সমঝোতা লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হবে এবং আমেরিকার সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যেতে অন্যান্য দেশের আগ্রহের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এটি।" #
পার্সটুডে/বাবুল আখতার/২৭