বিমান ব্যবহারে বিলাসিতা: চাপের মুখে পদত্যাগ করলেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী
-
টম প্রাইস
সরকারি কাজে ব্যয়বহুল বেসরকারি বিমান ব্যবহার করার অভিযোগ ওঠার পর চাপের মুখে পদত্যাগ করেছেন আমেরিকার স্বাস্থ্য ও জনসেবামন্ত্রী টম প্রাইস।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স এক বিবৃতিতে জানিয়েছেন, টম প্রাইস পদত্যাগের ইচ্ছা জানালে প্রেসিডেন্ট তা অনুমোদন করেন এবং ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
টম প্রাইসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত মে মাস থেকে তিনি ২৬ বার ব্যয়বহুল বেসরকারি বিমানে ভ্রমণ করেন, যাতে অন্তত চার লাখ ডলার খরচ হয়েছে।
এ ঘটনার প্রতিক্রিয়ায় ট্রাম্প তার অসন্তোষের কথা জানিয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘টম প্রাইসের ভাগ্য শিগগিরি নির্ধারণ হবে।’ ট্রাম্পের এই হুঁশিয়ারির ঘণ্টাখানেকের মধ্যে ওবামার স্বাস্থ্যনীতি বদলে দেয়ার মূল রূপকার হিসেবে পরিচিত টম প্রাইসকে সরে দাঁড়াতে হল।
অবশ্য টম প্রাইস তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
ট্রাম্প প্রশাসনের আরও তিন পদস্থ কর্মকর্তা সরকারি কাজে ভাড়া করা বিমান ব্যবহারের জন্য সমালোচনার মুখে পড়েছেন। তাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিনকে গত জুন মাসে লাস ভেগাস থেকে মন্টানায় যেতে সরকারি তহবিলের ১২ হাজার ডলার ব্যয় করেছিলেন। অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন গত মাসে সূর্যগ্রহণ দেখতে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন বিমান ভাড়া করে। এছাড়া, পরিবেশ দপ্তরের প্রধান স্টক প্রুইটের একটি সফরে ৫৮ হাজার ডলার খরচ করতে হয়েছে সরকারকে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০