আমেরিকার লাস ভেগাসে গোলাগুলি: নিহত ৫৮, আহত পাঁচ শতাধিক
https://parstoday.ir/bn/news/world-i46853-আমেরিকার_লাস_ভেগাসে_গোলাগুলি_নিহত_৫৮_আহত_পাঁচ_শতাধিক
আমেরিকার নেভেদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে একটি মিউজিক কনসার্টে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছে আরো ৫০০ জনের বেশি ব্যক্তি। স্থানীয় সময় গতকাল (রোববার) রাতে মান্দালাই বে রিসোর্ট ও ক্যাসিনোর কাছাকাছি বা ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। লাস ভেগাসের দক্ষিণ প্রান্তে মান্দালাই বে অবস্থিত।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০২, ২০১৭ ১২:২৬ Asia/Dhaka
  • আমেরিকার লাস ভেগাসে গোলাগুলি
    আমেরিকার লাস ভেগাসে গোলাগুলি

আমেরিকার নেভেদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে একটি মিউজিক কনসার্টে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছে আরো ৫০০ জনের বেশি ব্যক্তি। স্থানীয় সময় গতকাল (রোববার) রাতে মান্দালাই বে রিসোর্ট ও ক্যাসিনোর কাছাকাছি বা ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। লাস ভেগাসের দক্ষিণ প্রান্তে মান্দালাই বে অবস্থিত।

লাস ভেগাস পুলিশ প্রধান জানিয়েছেন, "সন্দেহভাজন হিসেবে স্টিফেন পেডক নামে স্থানীয় এক অধিবাসীকে শনাক্ত করা হয়েছে। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। তবে এখনো তার বিস্তারিত পরিচয় প্রকাশ  করা হয়নি।  মান্দালাই বে হোটেলের ৩২ তলা থেকে তিনি তিন দিনের ওই উন্মুক্ত কনসার্টের শেষদিনে গুলি ছোড়েন।"  সন্দেহভাজন ওই নিহত ব্যক্তির সঙ্গী ম্যারি লো ড্যানলেকে পুলিশ খুঁজছে বলেও জানান তিনি।

এদিকে, পুলিশ লাস ভেগাস বুলেভার্ড বন্ধ করে দিয়েছে এবং জনগণকে ওই এলাকায় যেতে নিষেধ করেছে। পাশের ম্যাককারান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেও ফ্লাইট বন্ধ করা হয়েছে। গোলাগুলির ঘটনার সময় মান্দালাই বে এলাকার রাস্তাজুড়ে রুট ৯১ হারভেস্ট মিউজিক ফেস্টিভ্যালের শেষ রাত চলছিল। অনুষ্ঠানে গান গাইতে আসা অনেক শিল্পী গুলি ছোড়ার শব্দ শুনেছেন।

প্রত্যক্ষদর্শী জন বেসেট বলেন, "তিনি রুট ৯১ মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন। স্থানীয় সময় রাত ১০টার দিকে গুলির শব্দ শোনেন। ব্যান্ড দ্রুত স্টেজ থেকে নেমে গেলে হট্টগোল তৈরি হয়। সবাই ছুটছিল, অনেকে পদদলিত হয়েছেন।"

এদিকে, লাস ভেগাস সান সংবাদ মাধ্যম জানিয়েছে, কনসার্টের বাইরে এক পুলিশ কর্মকর্তাসহ আরো বহু ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা অত্যন্ত গুরুতর বলেও সংবাদ মাধ্যমটি জানিয়েছে। ঘটনাস্থলে বিশেষ সোয়াট বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও মার্কিন পুলিশ জানিয়েছে।#

পার্সটুডে/বাবুুল আখতার/২