উত্তর কোরিয়া আক্রান্ত হলে আমেরিকা বাঁচবে না: পিয়ংইয়ং
https://parstoday.ir/bn/news/world-i47602-উত্তর_কোরিয়া_আক্রান্ত_হলে_আমেরিকা_বাঁচবে_না_পিয়ংইয়ং
উত্তর কোরিয়া জাতিসংঘকে বলেছে, মার্কিন সরকার সেদেশের বিরুদ্ধে বিদ্বেষী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত পরমাণু অস্ত্র ধ্বংস করার লক্ষ্যে আলোচনায় বসবে না পিয়ংইয়ং।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ১৭, ২০১৭ ০৬:১৭ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং
    জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং

উত্তর কোরিয়া জাতিসংঘকে বলেছে, মার্কিন সরকার সেদেশের বিরুদ্ধে বিদ্বেষী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত পরমাণু অস্ত্র ধ্বংস করার লক্ষ্যে আলোচনায় বসবে না পিয়ংইয়ং।

জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে সোমবার জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং বলেন, “কোরীয় উপদ্বীপের পরিস্থিতি বিস্ফোরণের পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।”

তিনি আরো বলেন, “আমেরিকার বিদ্বেষী নীতি ও পরমাণু হামলার হুমকি পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত আমরা কোনো অবস্থায় আমাদের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনার টেবিলে বসব না।”

সম্প্রতি উত্তর কোরিয়াকে 'সম্পূর্ণ ধ্বংস' করে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত বলেন, একটি পরিপূর্ণ পরমাণু শক্তিধর দেশে পরিণত হওয়ার চূড়ান্ত দরজা অতিক্রম করেছে তার দেশ। এর অর্থ হচ্ছে উত্তর কোরিয়া এখন যেকোনো সময় পরমাণু বোমার হামলা চালাতে পারে।

কিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমেরিকার গোটা মূল ভূখণ্ড এখন আমাদের হামলার আওতায় রয়েছে। কাজেই মার্কিন সরকার যদি উত্তর কোরিয়ার এক ইঞ্চি ভূমিতেও আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখায় তাহলে সে পৃথিবীর কোনো প্রান্তে গিয়েই আমাদের শাস্তিমূলক পদক্ষেপ থেকে বাঁচতে পারবে না।”

যেসব দেশ মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সম্ভাব বজায় রাখে না তারা উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা থেকে নিরাপদ থাকবে বলে তিনি জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭