আইআরজিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা: নিন্দা জানাল রাশিয়া
-
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ওপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞার কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া। এর মাধ্যমে ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও জানিয়েছে মস্কো।
গতকাল (মঙ্গলবার) রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভকে আইআরজিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, "যেকোনো একতরফা নিষেধাজ্ঞার প্রতি আমাদের অবস্থান বিশ্বজনীন।আমরা মনে করি এ ধরনের পদক্ষেপ বেআইনি, আন্তর্জাতিক আইন ও আন্তঃদেশীয় যোগাযোগের মৌলিক নীতির সম্পূর্ণ বিপরীত।" মার্কিন রাষ্ট্রপ্রধানরা নিষেধাজ্ঞাগুলোকে পররাষ্ট্র নীতির মূল হাতিয়ার হিসেবে রূপান্তরিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
গত ১৩ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংক্রান্ত এক বক্তব্যে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ বিরোধী তৎপরতা এবং সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য আইআরজিসি’কে দায়ী করেন। এরপর ইরানের এই বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন অর্থ বিভাগকে অনুমোদন দেন তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/১