জরুরিভিত্তিতে সৌদি গেছেন পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান; কারণ অজানা
https://parstoday.ir/bn/news/world-i48981-জরুরিভিত্তিতে_সৌদি_গেছেন_পাক_প্রধানমন্ত্রী_ও_সেনাপ্রধান_কারণ_অজানা
জরুরিভিত্তিতে আজ (সোমবার) সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তাদের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ২৭, ২০১৭ ১৪:৩৭ Asia/Dhaka
  • সৌদি সফরে পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
    সৌদি সফরে পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

জরুরিভিত্তিতে আজ (সোমবার) সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তাদের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ।

তবে কী কারণে তারা হঠাৎ করে সৌদি আরব সফরে গেলেন তা জানা যায় নি। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের প্রতিক্ষামন্ত্রীদের অংশগ্রহণে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে কথিত ইসলামি সামরিক জোট গঠনের জন্য চূড়ান্ত সম্মেলন হয়েছে। তাতে পাকিস্তানও যোগ দেয় এবং দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ জোটের নেতৃত্ব দেবেন বলে ঠিক হয়েছে। তার একদিন পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ সফরে গেলেন।

জেনারেল বাজওয়া (বাম) ও প্রধানমন্ত্রী আব্বাসি

২০১৫ সাল থেকে এ সামরিক জোট গঠনের প্রচেষ্টা শুরু হলেও তা দীর্ঘদিন ধরে সফল হতে পারে নি। জোট গঠনের সময় ইরান, ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানকে বাদ রাখা হয়। ফলে শুরুতেই জোট গঠনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে এ জোট মুসলিম বিশ্বে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করবে। এছাড়া, অনেকেই মনে করছেন- সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের নামে কথিত এই সামরিক জোট বিশেষ কিছু দেশ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি সংগঠনের বিরুদ্ধে অভিযান চালাতে পারে। এজন্য জোট গঠনের শুরুতেই পাকিস্তান খানিকটা নিরপেক্ষ অবস্থান বজায় রেখে চলেছে। দেশটি বলছে, ইসলামাবাদ সামরিক জোটে যোগ দিতে পারে তবে কোনো সুনির্দিষ্ট দেশের বিরুদ্ধে লড়াইয়ে তারা অংশ নেবে না এবং দেশের বাইরে কোনো সেনা পাঠানো হবে না। পাকিস্তান এ বিষয়ে সৌদি আরব ও নিকটতম প্রতিবেশী ইরান- দু দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭