ইরানের ওপর বোমা বর্ষণ চেয়েছিল ইসরাইল, সৌদি এবং মিশর: জন কেরি
https://parstoday.ir/bn/news/world-i49091-ইরানের_ওপর_বোমা_বর্ষণ_চেয়েছিল_ইসরাইল_সৌদি_এবং_মিশর_জন_কেরি
ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার আগে ইরানের ওপর বোমা হামলা চালাতে ইসরাইল, সৌদি আরব এবং মিশর আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছিল। মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৯, ২০১৭ ১৫:৩৮ Asia/Dhaka
  • মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
    মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি

ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার আগে ইরানের ওপর বোমা হামলা চালাতে ইসরাইল, সৌদি আরব এবং মিশর আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছিল। মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ তথ্য জানিয়েছেন।

গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটনে একটি ফোরামে দেয়া বক্তব্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানান। পাশাপাশি পরমাণু সমঝোতা বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নানা গড়িমসির কড়া সমালোচনা করেন তিনি।

সৌদি আরবের সাবেক রাজা আব্দুল্লাহ, মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক এবং ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ইঙ্গিত করে কেরি বলেন "প্রত্যেকেই আমেরিকাকে দিয়ে ইরানের ওপর বোমা বর্ষণ করাতে চেয়েছিল। হামলা ছাড়া তারা  অন্য কোনো ভাষা বুঝতে চাইছিল না।" আর এসব পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটনকে  অনেক বেশি উসকানি দিচ্ছিল বলে জানান তিনি।    

তিনি বলেন, "এটি ছিল বড় ধরনের ফাঁদ। তখন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হলে একই আরব রাষ্ট্রগুলো আমেরিকার বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় মেতে উঠতো।  ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন সিনেটের পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে এ প্রস্তাব দেয়া হয় বলে জানান জন কেরি।#

পার্সটুডে/বাবুল আখতার/২৯