উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিশ্বকে পাশে পেল না আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i49171-উত্তর_কোরিয়ার_বিরুদ্ধে_বিশ্বকে_পাশে_পেল_না_আমেরিকা
উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ঐক্যমত্য সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে আমেরিকা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৭ ০৫:১৬ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি
    জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ঐক্যমত্য সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে আমেরিকা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। কিন্তু চীন ও রাশিয়া এই আহ্বান প্রত্যাখ্যান করে।

এমনকি উত্তর কোরিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা আরোপের মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করতেই রাজি হয়নি চীন।  এ ছাড়া, রাশিয়া শুধুমাত্র উত্তর কোরিয়াকে সংযত আচরণ করার আহ্বান জানানোর পরিবর্তে ওয়াশিংটন ও পিয়ংইয়ং উভয়কে ধৈর্য ধারণ করার আহ্বান জানায়।

এর ফলে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যালোচনার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠকটি শেষ পর্যন্ত কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।

গত কয়েক মাসের বেশ কয়েকটি আইসিবিএম'র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বুধবার ঘোষণা করে, দেশটি এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’র পরীক্ষা চালিয়েছে, যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি স্থানে হামলা চালানো যায়।

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে আমেরিকার সঙ্গে দেশটির উত্তেজনা তুঙ্গে রয়েছে।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন একাধিকবার তীব্র বাকযুদ্ধেও লিপ্ত হয়েছে।

ট্রাম্প জাতিসংঘে দেয়া ভাষণে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছেন। এসব হুমকির বিপরীতে নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১