সিরিয়ার অখণ্ডতা বজায় রাখার ব্যাপারে কোনো আপোষ নয়: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i49917-সিরিয়ার_অখণ্ডতা_বজায়_রাখার_ব্যাপারে_কোনো_আপোষ_নয়_ল্যাভরভ
নিজেদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মতপার্থক্য থাকা সত্ত্বেও সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি দেশটির ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে রাশিয়া, ইরান এবং তুরস্ক একসঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৭ ১৬:১৯ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রুহানি, পুতিন এবং এরদোগান
    প্রেসিডেন্ট রুহানি, পুতিন এবং এরদোগান

নিজেদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মতপার্থক্য থাকা সত্ত্বেও সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি দেশটির ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে রাশিয়া, ইরান এবং তুরস্ক একসঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ রাশিয়ান ফেডারেশন কাউন্সিলে দেয়া বক্তব্যে ল্যাভরভ গতকাল (শুক্রবার) সিরিয়ার সংকট নিরসনের লক্ষ্যে কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলমান শান্তি আলোচনায় মস্কো, তেহরান এবং আঙ্কারার মধ্যে সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন,  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেকবার বলেছেন, "তিনটি রাষ্ট্রের লক্ষ্য এবং স্বার্থের মধ্যে হুবহু মিল নেই। সিরিয়ার নানা ইস্যুতে আমাদের ভিন্ন ভিন্ন কর্মপন্থা আছে। তবে সিরিয়ার সন্ত্রাসীদের নির্মূল এবং দেশটির সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই।"  

সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের সমর্থনে কাজখাস্তানের রাজধানী আস্তানায় সিরিয়ার সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে সপ্তম দফা শান্তি আলোচনা শেষ হয়েছে।  শান্তি আলোচনায় সিরিয়া সরকারের পক্ষে মধ্যস্থতা করছে ইরান ও রাশিয়া। অন্যদিকে, দামেস্ক সরকার বিরোধী গোষ্ঠীগুলোর পক্ষে মধ্যস্থতা করছে তুরস্ক।

এছাড়া সিরিয়া থেকে বাকি দায়েশ সন্ত্রাসীদের খুব শিগগিরই নির্মূল করা হবে বলে জোর আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ল্যভরভ।#

পার্সটুডে/বাবুল আখতার/১৬