পরমাণু সমঝোতায় পরিবর্তন আনার সুযোগ নেই: প্রেসিডেন্ট ম্যাকরন
https://parstoday.ir/bn/news/world-i50021-পরমাণু_সমঝোতায়_পরিবর্তন_আনার_সুযোগ_নেই_প্রেসিডেন্ট_ম্যাকরন
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে গঠনমূলক সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করে বলেছেন, তেহরান ও প্যারিসের মধ্যে সম্পর্কের ভিত্তি হচ্ছে পরমাণু সমঝোতা এবং এটিতে পরিবর্তন আনার কোনো সুযোগ নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৭ ০৩:৫৬ Asia/Dhaka
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে গঠনমূলক সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করে বলেছেন, তেহরান ও প্যারিসের মধ্যে সম্পর্কের ভিত্তি হচ্ছে পরমাণু সমঝোতা এবং এটিতে পরিবর্তন আনার কোনো সুযোগ নেই।

সোমবার প্যারিসে ইরানের নবনিযুক্ত রাষ্ট্রদূত আবুলকাসেম দেলফি প্রেসিডেন্ট ম্যাকরনের কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, তার দেশ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে তেহরানের সঙ্গে সংলাপে বসতে চায় এবং দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বিদ্যমান সুসম্পর্কে তিনি সন্তুষ্ট।

প্যারিসে ইরানের নবনিযুক্ত রাষ্ট্রদূত আবুলকাসেম দেলফি

সাক্ষাতে ইরান ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে আবুলকাসেম দেলফি বলেন, গত বছরের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হাসান রুহানির প্যারিস সফরের পর এই সম্পর্ক আরো শক্তিশালী করার ক্ষেত্র তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ইরানি রাষ্ট্রদূত বলেন, তার দেশ সংলাপের মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান চায় এবং চাপ প্রয়োগ ও বহিঃশক্তির হস্তক্ষেপের বিরোধী।

তিনি আঞ্চলিক বিভিন্ন বিষয়ে তেহরান-প্যারিস আলোচনাকে গঠনমূলক হিসেবে উল্লেখ করেন এবং এর মাধ্যমে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯