ওয়াশিংটনের বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাল ইসলামাবাদ
-
লে. জেনারেল আসিফ গফুর
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাম্প্রতিক বক্তব্যকে সন্ত্রাস বিরোধী যুদ্ধের পথে অন্তরায় বলে মন্তব্য করেছে পাকিস্তান।
পেন্স বৃহস্পতিবার আফগানিস্তানে এক অঘোষিত সফরে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলেন। তিনি বলেন, “হোয়াইট হাউজ পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, দেশটি যদি সন্ত্রাসবাদে সমর্থন দেয়া অব্যাহত রাখে তাহলে অনেক কিছুই হারাবে।”
মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই বক্তব্যের বিরুদ্ধে ইসলামাবাদ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।
পাকিস্তানের সেনা মুখপাত্র লে. জেনারেল আসিফ গফুর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাক সেনাবাহিনী অত্যন্ত কার্যকর ব্যবস্থা নিয়েছে। বিশ্বের আর কোনো দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে এত কঠোর ব্যবস্থা নেয়নি বলেও তিনি দাবি করেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যের জবাবে জেনারেল গফুর বলেন, ইসলামাবাদ সরকার কূটনৈতিক চ্যানেলে ওয়াশিংটনের দাবির জবাব দিয়েছে। পেন্সের এ বক্তব্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল মার্কিন ভাইস প্রেসিডেন্টের ইসলামাবাদ বিরোধী বক্তব্যকে দু’দেশের চলমান আলোচনা প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকার উচিত নিজের মিত্রদের অভিযুক্ত না করে যারা আফগান সরকারকে দুর্বল করতে চায় এবং যারা দেশটিতে জঙ্গি গোষ্ঠী দায়েশকে শক্তিশালী করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩