ইরানের বিরুদ্ধে বিদ্বেষী নীতি ভয়াবহ যুদ্ধের কারণ হতে পারে: ফ্রান্স
https://parstoday.ir/bn/news/world-i50845-ইরানের_বিরুদ্ধে_বিদ্বেষী_নীতি_ভয়াবহ_যুদ্ধের_কারণ_হতে_পারে_ফ্রান্স
ইরানের সাম্প্রতিক বিক্ষোভ সমাবেশ নিয়ে আক্রমাণত্মক বিবৃতি দেয়ার জন্য আমেরিকা, ইসরাইল এবং সৌদি আরবকে সতর্ক করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যকরন। একইসঙ্গে ইরান বিষয়ে বাগাড়ম্বরে গলার সুর নরম করতে ম্যাকরন এসব দেশের প্রতি আহ্বান জানান। অন্যথায় তা এক সময় বড় ধরনের যুদ্ধের কারণ হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৮ ১৩:৩০ Asia/Dhaka
  • ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যকরন।
    ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যকরন।

ইরানের সাম্প্রতিক বিক্ষোভ সমাবেশ নিয়ে আক্রমাণত্মক বিবৃতি দেয়ার জন্য আমেরিকা, ইসরাইল এবং সৌদি আরবকে সতর্ক করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যকরন। একইসঙ্গে ইরান বিষয়ে বাগাড়ম্বরে গলার সুর নরম করতে ম্যাকরন এসব দেশের প্রতি আহ্বান জানান। অন্যথায় তা এক সময় বড় ধরনের যুদ্ধের কারণ হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

গতকাল (বুধবার) সাংবাদিকদের তিনি বলেন, "আমেরিকা, ইসরাইল এবং সৌদি আরব যারা বহু ক্ষেত্রে আমাদের মিত্র এসব দেশের শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য আমাদের সবাইকে একটি পরিপূর্ণ যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে।"

ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন, "ইরানের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির লক্ষ্যে নেয়া বিভিন্ন উপায় অবলম্বন না করে বরং সংশ্লিষ্ট দেশের উচিত তেহরানের সঙ্গে স্থায়ী সংলাপে বসা।"

আমেরিকা এবং তার মিত্র দেশগুলো ইরানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ নীতি পরিহার না করলে ভবিষ্যতে তারা 'চরম নৃশংস যুদ্ধে' জড়িয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি।

দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ও দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গত বৃহস্পতিবার থেকে ইরানের কয়েকটি শহরে কিছু মানুষ মিছিল-সমাবেশ করেছেন। তবে বিচ্ছিন্ন সহিংসতায় কয়েকটি শহরে বেশ কিছু সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে বেশ কয়েকটি টুইটার পোস্ট দিয়েছেন। ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/৪