কাশ্মিরে গণভোটের দাবি জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
-
মামনুন হোসেন ও শহিদ খাকান আব্বাসি
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার মেনে কাশ্মিরে গণভোট দেয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন ও প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি। আজ (সোমবার) কাশ্মিরীদের প্রতি সংহতি দিবস উপলক্ষে আলাদা বাণীতে তারা এ দাবি জানান।
দুই নেতাই বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারের ভিত্তিতে কাশ্মিরে গণভোট দিতে হবে এবং গণভোটের ভিত্তিতে কাশ্মিরীদের ভবিষ্যত নির্ধারণ করতে হবে। কাশ্মির সমস্যার সমাধানের মধ্যদিয়ে গোটা অঞ্চলের শান্তি ও কল্যাণ নিশ্চিত হবে।
ভারত যাতে জাতিসংঘের মানবাধিকার ঘোষণা মেনে চলতে বাধ্য হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি পাকিস্তান আহ্বান জানিয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট তার বাণীতে বলেছেন, তারা জাতিসংঘের ইশতেহার অনুযায়ী কাশ্মিরীদের ভবিষ্যত নির্ধারণের সংগ্রামে নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।
আজ রাজধানী ইসলামাবাদসহ সারা দেশে কাশ্মিরীদের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তানিরা মিছিল করেছেন।
কাশ্মিরের জনগণও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার অনুযায়ী গণভোটের মাধ্যমে তাদের ভবিষ্যত নির্ধারণের দাবি জানিয়ে আসছে। তবে ভারত সরকার তাতে রাজি নয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫