বায়তুল মুকাদ্দাসে গুয়েতেমালার দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত স্থগিত
https://parstoday.ir/bn/news/world-i53839-বায়তুল_মুকাদ্দাসে_গুয়েতেমালার_দূতাবাস_স্থানান্তরের_সিদ্ধান্ত_স্থগিত
দখলদার ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে গুয়েতেমালার দূতাবাস সরিয়ে পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে নেয়ার সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আইনজীবীদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত স্থগিতের নির্দেশ দেয় আদালত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৩, ২০১৮ ০৬:৫৩ Asia/Dhaka
  • বায়তুল মুকাদ্দাস শহর
    বায়তুল মুকাদ্দাস শহর

দখলদার ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে গুয়েতেমালার দূতাবাস সরিয়ে পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে নেয়ার সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আইনজীবীদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত স্থগিতের নির্দেশ দেয় আদালত।

একদল আইনজীবী গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেসের সিদ্ধান্ত বাতিলের আবেদন জানিয়ে বলেছেন, দেশের প্রেসিডেন্ট সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিতে পারেন না। ওই সিদ্ধান্ত দেশটিতে বিভিন্ন জাতির শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বিনষ্ট করবে বলে তারা আদালতকে জানিয়েছেন।

আমেরিকার পর একমাত্র গুয়েতেমালাই তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেয়ার ঘোষণা দিয়েছিল।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।

এরপর জাতিসংঘ সাধারণ পরিষদে ১২৮টি দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে বাতিলের দাবিতে তোলা প্রস্তাবের পক্ষে ভোট দেয়। 

তবে ওই প্রস্তাবের বিপক্ষে আমেরিকা ও ইসরাইলসহ নয়টি দেশ ভোট দেয়। গুয়েতেমালা এই নয়টি দেশের মধ্যে ছিল এবং মধ্য আমেরিকার এ দেশটি প্রধানত মার্কিন অর্থ সাহায্যের ওপর ভর করে চলে। জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটের আগে মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন, যেসব দেশ আমেরিকার বিরুদ্ধে ভোট দেবে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক সাহায্য বাতিলসহ নানা ব্যবস্থা নেয়া হবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩