উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় ট্রাম্প কোনো ছাড় দেবেন না: সিআইএ প্রধান
-
সিআইএ\\\'র পরিচালক মাইক পম্পেও
উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে আসন্ন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের ছাড় দেবেন না বলে জানিয়েছেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র পরিচালক মাইক পম্পেও। ওয়াশিংটন নানা ইস্যুতে পিয়ংইয়ংকে এরইমধ্যে দুর্বল পরিস্থিতির মধ্যে ফেলে দিতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।
গতকাল (রোববার) মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে পম্পেও বলেন, আমেরিকা এবং জাতিসংঘের মাধ্যমে পিয়ংইয়ংয়ের ওপর কয়েক দফা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ফলে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকে ওয়াশিংটন নিশ্চিতভাবেই চালকের আসনে থাকবে।
তিনি বলেন, এর আগে কখনোই উত্তর কোরিয়ার জনগণকে এমন নাজুক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পড়তে হয় নি এবং তাদের নেতারাও এতটা চাপের মুখে পড়ে নি। গোয়েন্দা প্রধান আরো বলেন, উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ছাড় দেয়ার মতো কোনো ভুল ওয়াশিংটন করবে না।
উত্তর কোরিয়ার পরমাণু বোমা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচি ইস্যুকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নিজেদের মধ্যে বিদ্যমান মতবিরোধ নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিমের আকস্মিক ঘোষণায় রাজনৈতিক মহল পর্যন্ত হতবাক হয়েছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/১২