হোয়াইট হাউজের বৈঠক বয়কট করল ফিলিস্তিনিরা
https://parstoday.ir/bn/news/world-i54381-হোয়াইট_হাউজের_বৈঠক_বয়কট_করল_ফিলিস্তিনিরা
গাজা উপত্যকার চলমান পরিস্থিতি পর্যালোচনার জন্য হোয়াইট হাউজে আয়োজিত বৈঠক বয়কট করেছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত ওই বৈঠকে মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব উপস্থিত ছিল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ১৪, ২০১৮ ১০:১৭ Asia/Dhaka
  • ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী রিয়াদ মালিক (ফাইল ফটো)
    ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী রিয়াদ মালিক (ফাইল ফটো)

গাজা উপত্যকার চলমান পরিস্থিতি পর্যালোচনার জন্য হোয়াইট হাউজে আয়োজিত বৈঠক বয়কট করেছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত ওই বৈঠকে মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব উপস্থিত ছিল।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ আমেরিকার ওপর ক্ষুব্ধ হয়েছে। তারই অংশ হিসেবে তারা এ বৈঠক বয়কট করেছে বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউজ এই প্রথম এ ধরনের বৈঠকের আয়োজন করল। বৈঠকে ইসরাইল ও সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন, ওমান, কাতার, জর্দান, কানাডা এবং ইউরোপের কয়েকটি দেশসহ ১৭টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

২০ লাখ জন-অধ্যুষিত গাজা উপত্যকা ২০০৭ সাল থেকে ইহুদিবাদী ইসরাইলের কঠোর অবরোধের মধ্যে রয়েছে এবং সেখানে অনেকটা মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ওই অবরোধের পর ইসরাইল গাজার ওপর অন্তত দুবার বড় রকমের যুদ্ধ চাপিয়ে দিয়েছে।

সম্প্রতি জাতিসংঘ বলেছে, ২০২০ সালের মধ্যে গাজা উপত্যাকা বসবাসের অনুপযুক্ত হয়ে উঠবে। তবে ইসরাইল বলছে, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর চাপ সৃষ্টির জন্য অবরোধ অব্যাহত রাখবে।#  

পার্সটুডে/ সিরাজুল ইসলাম/১৪