হোয়াইট হাউজের হাস্যকর দাবী: মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরান দায়ী
https://parstoday.ir/bn/news/world-i55098-হোয়াইট_হাউজের_হাস্যকর_দাবী_মধ্যপ্রাচ্যে_অস্থিতিশীলতা_সৃষ্টির_জন্য_ইরান_দায়ী
মার্কিন সার্বিক পৃষ্ঠপোষকতায় সৌদি আরব ইয়েমেনের নিরীহ জনগণের ওপর আগ্রাসন চালালেও ওয়াশিংটন ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরানকে দায়ী করেছে। বার্তা সংস্থা মেহর জানিয়েছে, হোয়াইট হাউজ এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে ওই অভিযোগ করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ৩১, ২০১৮ ১২:১৭ Asia/Dhaka
  • হোয়াইট হাউজ
    হোয়াইট হাউজ

মার্কিন সার্বিক পৃষ্ঠপোষকতায় সৌদি আরব ইয়েমেনের নিরীহ জনগণের ওপর আগ্রাসন চালালেও ওয়াশিংটন ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরানকে দায়ী করেছে। বার্তা সংস্থা মেহর জানিয়েছে, হোয়াইট হাউজ এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে ওই অভিযোগ করেছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনী সেদেশের সংকট নিরসনের শান্তিপূর্ণ সমাধান প্রক্রিয়ার ব্যাপারে আগ্রহী নয়। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ইয়েমেন সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য যে উদ্যোগ নিতে চায়,আনসারুল্লাহ তাতে বাধা দিচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফ ইয়েমেন যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। ব্যক্তিগত টুইটে তিনি লিখেছেন, মার্কিন সরকার এখন সুপরিকল্পিতভাবে ইয়েমেন যুদ্ধ থেকে নিজেদের স্বার্থ নিশ্চিত করতে চায়। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে তারা মতবিরোধ আরও উস্কে দেয়ার পাঁয়তারা করছে বলেও ড. জারিফ মন্তব্য করেন।

সৌদিআরব তাদের কজন মিত্রদেশকে নিয়ে তিন বছর আগে ইয়েমেনে আগ্রাসন শুরু করার পাশাপাশি জল-স্থল ও আকাশপথে দেশটির ওপর অবরোধ আরোপ করে। ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে,২০১৫ সালের মার্চে সৌদি আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ছয় লাখ মানুষ হতাহত হয়েছেন। জাতিসংঘ বলেছে, ইয়েমেনে দুই কোটি ২২ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য প্রয়োজন। #

পার্সটুডে/নাসির মাহমুদ/৩১