তালেবানকে অস্ত্র সাহায্য দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i55326-তালেবানকে_অস্ত্র_সাহায্য_দেয়ার_অভিযোগ_প্রত্যাখ্যান_করল_রাশিয়া
আফগানিস্তানের তালেবানকে অস্ত্র সাহায্য দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার রাতে মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া তালেবানকে কোনো ধরনের সহযোগিতা করছে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৫, ২০১৮ ০২:০২ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

আফগানিস্তানের তালেবানকে অস্ত্র সাহায্য দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার রাতে মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া তালেবানকে কোনো ধরনের সহযোগিতা করছে না।

সাম্প্রতিক সময়ে একাধিক মার্কিন সামরিক ও বেসামরিক কর্মকর্তার বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে, তালেবানকে অস্ত্র সাহায্য দিয়ে আফগানিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করছে মস্কো।

এ অভিযোগের জবাবে আফগানিস্তানে মার্কিন বাহিনী অপরাধযজ্ঞের কথা তুলে ধরে জাখারোভা বলেন, আমেরিকা আফগানিস্তানের বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করছে। এ ছাড়া, ওয়াশিংটন আফগানিস্তানে প্রায় দুই দশকের উপস্থিতি সত্ত্বেও দেশটিতে নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে না পেরে এখন সে দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।

আফগান তালেবান (ফাইল ছবি)

সংবাদ সম্মেলনে ব্রিটেনে সাবেক রুশ দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে হত্যা প্রচেষ্টা নিয়েও কথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের  মুখপাত্র। তিনি বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ সরকার মিথ্যার বেসাতি করছে।

গতমাসের ওই হত্যা প্রচেষ্টার জন্য ব্রিটেন রাশিয়াকে অভিযুক্ত করলেও মস্কো সে অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। এমনকি স্ক্রিপালের শরীরে পাওয়া রাসায়নিক পদার্থ পরীক্ষা করে ব্রিটিশ বিজ্ঞানীরা এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেননি যে, ওই রাসায়নিক গ্যাস রাশিয়া থেকে এসেছে।

কিন্তু তারপরও  এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা ও ন্যাটো জোটসহ পাশ্চাত্যের প্রায় ২৫ দেশ ব্রিটেনের পক্ষ নিয়েছে। এসব দেশ রাশিয়ার প্রায় দেড়শ’ কূটনীতিককে বহিষ্কার করেছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫