ইরানের পরমাণু সমঝোতা অক্ষুণ্ন রাখতে হবে: ম্যাকরন ও পুতিন
https://parstoday.ir/bn/news/world-i56260-ইরানের_পরমাণু_সমঝোতা_অক্ষুণ্ন_রাখতে_হবে_ম্যাকরন_ও_পুতিন
ইরানের পরমাণু সমঝোতা বা জেসিপিওএ অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। দুই প্রেসিডেন্ট এক টেলিফোনালাপে বলেছেন, বিশ্বে নিরাপত্তা রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে ইরানের পরমাণু সমঝোতা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৪, ২০১৮ ০১:৩১ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন ও ইমানুয়েল ম্যাকরনের যৌথ সংবাদ সম্মেলন (ফাইল ছবি)
    ভ্লাদিমির পুতিন ও ইমানুয়েল ম্যাকরনের যৌথ সংবাদ সম্মেলন (ফাইল ছবি)

ইরানের পরমাণু সমঝোতা বা জেসিপিওএ অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। দুই প্রেসিডেন্ট এক টেলিফোনালাপে বলেছেন, বিশ্বে নিরাপত্তা রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে ইরানের পরমাণু সমঝোতা।

সোমবার এমন সময় রুশ ও ফরাসি প্রেসিডেন্টের মধ্যে এ টেলিফোনালাপ হয় যখন প্রেসিডেন্ট ম্যাকরন চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য ওয়াশিংটন সফরে যাচ্ছেন। আসন্ন সাক্ষাতের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হবে জেসিপিওএ। প্রেসিডেন্ট ট্রাম্প এই সমঝোতার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে তা বাতিল করার অথবা অন্তত আমেরিকাকে এটি থেকে বের করে নেয়ার হুমকি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

টেলিফোনালাপে প্রেসিডেন্ট পুতিন সিরিয়ায় তিন পশ্চিমা দেশের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা করেন। তিনি বলেন, “আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের ক্ষেপণাস্ত্র হামলা ছিল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন যা রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের বিষয়টিকে আরো জটিল করে তুলেছে।”  

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট সিরিয়ার গৌতা শহরে কথিত রাসায়নিক হামলার ব্যাপারে আন্তর্জাতিক প্রতিনিধিদলের তদন্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ’র ১৭ সদস্যের শক্তিশালী প্রতিনিধিদলটি বর্তমানে সিরিয়ায় অবস্থান করছে।

প্রেসিডেন্ট ম্যাকরন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাব অনুযায়ী সিরিয়ার শান্তি আলোচনা আবার শুরু করতে হবে। টেলিফোনালাপে প্রেসিডেন্ট পুতিন বলেন, সিরিয়ার সহিংসতা আগের তুলনায় কমে এসেছে এবং দেশটির মানবিক পরিস্থিতির উন্নতি হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪