ইরানের পরমাণু সমঝোতা ত্যাগ করবে না ফ্রান্স: ম্যাকরন
-
মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখছেন ম্যাকরন
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে কোনো অবস্থাতেই বেরিয়ে যাবে না। তিনদিনের যুক্তরাষ্ট্র সফরের শেষদিনে বুধবার মার্কিন কংগ্রেসে দেয়া বক্তব্যে একথা বলেন ফরাসি প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন জেসিপিওএ থেকে বেরিয়ে যাওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন তখন ম্যাকরন এ ঘোষণা দিলেন। তিনি বলেন, পরমাণু সমঝোতায় যদিও ‘সব বিষয়’ অন্তর্ভুক্ত করা হয়নি তারপরও এটি বাতিল করা যাবে না।
ইমানুয়েল ম্যাকরন বলেন, “আমরা এটিতে সই করেছি, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উভয়ই।” ফরাসি প্রেসিডেন্ট বলেন, “আরো বেশি কার্যকর কোনো বিকল্প না আসা পর্যন্ত আমরা এটি বাতিল করতে পারি না। আমরা সই করেছি বলে ফ্রান্স জেসিপিওএ থেকে বেরিয়ে যাবে না।” একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না।”
ট্রাম্প ২০১৭ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করার পর থেকে ইরানের সঙ্গে তার দেশসহ ছয় পশ্চিমা দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাতিল বা যুক্তরাষ্ট্রকে এ সমঝোতা থেকে বের করে নেয়ার হুমকি দিয়ে আসছেন। ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে এ সমঝোতায় স্বাক্ষর করে ওয়াশিংটন।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন সোমবার তিনদিনের যুক্তরাষ্ট্র সফর শুরু করার আগেও একটি মার্কিন নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, পরমাণু সমঝোতার বিকল্প না থাকায় এটি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬