মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করুন: ইইউ'কে ফ্রান্স ও জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i57134-মার্কিন_নিষেধাজ্ঞা_প্রত্যাখ্যান_করুন_ইইউ'কে_ফ্রান্স_ও_জার্মানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসায় জড়িত ইউরোপীয় কোম্পানীগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে ইইউ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স এবং জার্মানি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১১, ২০১৮ ১৩:০৬ Asia/Dhaka
  • মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করুন:  ইইউ'কে ফ্রান্স ও জার্মানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসায় জড়িত ইউরোপীয় কোম্পানীগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে ইইউ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স এবং জার্মানি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে ইরানের সঙ্গে সই হওয়া বহুপক্ষীয় পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার পর তারা এ আহ্বান জানাল। ইইউ'র একটি প্রধান অংশীদারের বিরুদ্ধে ওয়াশিংটন শাস্তিমূলক ব্যবস্থা নেয়ায় এর নিন্দা জানিয়েছেন ফরাসি অর্থমন্ত্রী ব্রোনো লি মায়েরে।    

'লি প্যরিসিয়েন' সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে লি মায়েরে বলেন, "আমরা মনে করি আমেরিকার এ ধরনের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য।" নিজেদের কোম্পানীর স্বার্থ রক্ষায় ইইউ'র দেশগুলো প্রয়োজনীয় সবকিছু করবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হয় ইরানের পরমাণু সমঝোতা

তিনি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার ফলে সৃষ্ট পরিস্থিতির জন্য ইউরোপের দেশগুলো কোনভাবেই এ জন্যে খেসারত দেবে না। আমেরিকার ইরান-বিরোধী নিষেধাজ্ঞার কবল থেকে নিজেদের রক্ষার জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অর্থমন্ত্রী লি মায়েরে বলেন, ইরানের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের 'অর্থনৈতিক সার্বভৌমত্ব' রক্ষার জন্য এ জোটের সবদেশকে এগিয়ে আসতে হবে।

এদিকে. জার্মানির অর্থমন্ত্রী ওলাফ ক্লোলজ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বের হয়ে যাওয়ার ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাব থেকে ইউরোপের কোম্পানীগুলোকে রক্ষার জন্য তার দেশ সম্ভাব্য সব কিছু করবে।#

পার্সটুডে/বাবুল আখতার/১১