পরমাণু সমঝোতা রক্ষা করতে ইইউ দৃঢ়প্রতিজ্ঞ: মোগেরিনি
-
ফেডেরিকা মোগেরিনি
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়া সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন তা রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি জানান, ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের ব্রাসেলস বৈঠকের এজেন্ডায় ইরানের পরমাণু সমঝোতা ইস্যুটি প্রথমেই রয়েছে এবং কিভাবে তা রক্ষা করা যায় সে বিষয়ে জোর প্রচেষ্টা চলছে।
তিনি সাংবাদিকদের বলেন, “আপনারা সবাই জানেন যে, আমরা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নানা পদক্ষেপ নিয়েছি এবং পরমাণু সমঝোতা ও ইউরোপের বিনিয়োগ রক্ষার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।”
গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের কথা বলেন। বিষয়টি নিয়ে সারা বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে এক ধরনের তোলপাড় চলছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে, আমেরিকা বেরিয়ে গেলেও তারা এ সমঝোতা মেনে চলবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯