মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উত্তর কোরিয়ার প্রভাবশালী কর্মকর্তার বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i58180-মার্কিন_পররাষ্ট্রমন্ত্রীর_সঙ্গে_উত্তর_কোরিয়ার_প্রভাবশালী_কর্মকর্তার_বৈঠক
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ‘ডান-হাত’ হিসেবে পরিচিত প্রভাবশালী কর্মকর্তা জেনারেল কিম ইয়ং-চোল নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে বৈঠক করেছেন। কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠকের ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩১, ২০১৮ ১০:৫৮ Asia/Dhaka
  • কিম ইয়ং-চোল (বামে) ও মাইক পম্পেও
    কিম ইয়ং-চোল (বামে) ও মাইক পম্পেও

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ‘ডান-হাত’ হিসেবে পরিচিত প্রভাবশালী কর্মকর্তা জেনারেল কিম ইয়ং-চোল নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে বৈঠক করেছেন। কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠকের ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

চীন সফর শেষে নিউ ইয়র্ক পৌঁছে ইয়ং-চোল বুধবার রাতে পম্পেও’র দেয়া ৯০ মিনিটব্যাপী নৈশভোজে অংশ নেন।  গণমাধ্যমে নৈশভোজের এ ছবি প্রকাশিত হলেও তাদের মধ্যে ঠিক কি কথা হয়েছে তা জানানো হয়নি। আজ (বৃহস্পতিবার) আরো পরে দুই শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে আবার বৈঠক হওয়ার কথা রয়েছে।

গত প্রায় ২০ বছরের মধ্যে আমেরিকা সফরকারী উত্তর কোরিয়ার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা কিম ইয়ং-চোল।

জাতিসংঘ সদরদপ্তরের কাছে একটি অ্যাপার্টমেন্টে বুধবারের নৈশভোজ অনুষ্ঠিত হয়

আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম জং-উন ও ট্রাম্পের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক হওয়ার কথা থাকলেও সম্প্রতি ট্রাম্প একতরফাভাবে বৈঠকটি বাতিলের ঘোষণা দেন। এরপরে অবশ্য ট্রাম্প তার বক্তব্য পরোক্ষভাবে প্রত্যাহার করে নেন এবং দু’পক্ষ বর্তমানে একটি শীর্ষ বৈঠকের জন্য ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

লিবিয়ার মতো করে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়া হবে বলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যে মন্তব্য করেছেন পিয়ংইয়ং তার ঘোর বিরোধিতা করেছে। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি পাশ্চাত্যের সঙ্গে আলোচনার মাধ্যমে তার দেশের পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়ার কয়েক বছরের মাথায় পশ্চিমাদের সমর্থিত বিদ্রোহে ক্ষমতাচ্যুত ও নিহত হন গাদ্দাফি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১