আর্জেন্টিনার লজ্জাজনক পরাজয়: দুর্দান্ত খেলে নকআউট পর্বে ক্রোয়েশিয়া
-
ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের বাঁধভাঙা উল্লাস
২০১৪ সালের রানার্সআপ আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল ক্রোয়েশিয়া। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ার শঙ্কা দেখা দিয়েছে লিওনেল মেসিদের।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়ার নিঝনি নভগোরদ স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ শানিয়ে আর্জেন্টিনার রক্ষণকে তটস্ত করে রাখে ক্রোয়েশিয়া। বল নিয়ন্ত্রণে আর্জেন্টিনা দক্ষতার ছাপ রাখলেও ক্রোয়েশিয়ার উপর আধিপত্য দেখাতে ব্যর্থ হয়েছেন মেসিরা। দুই দলই একাধিক সুযোগ নষ্ট করেছে। দারুণ কয়েকটি সুযোগ পেয়েছে দুই দলই, কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি। গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
৫৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার রেবিচ। আর্জেন্টিনার গোলরক্ষক উইলি কাবাইয়েরোর ভুলে বল পেয়ে যান রেবিচ। এতো সহজ সুযোগ মোটেই হাতছাড়া করেননি ফিউরেন্তিনার এই ফরোয়ার্ড।
এরপর খেলার ৮০ মিনিটে বোজোভিচের স্কোয়ার বল থেকে বাঁকানো শটে স্কোর লাইন ২-০ করেন লুকা মদরিচ। দুই গোলে পিছিয়ে যাওয়ার পর আর্জেন্টিনার রক্ষণভাগ অনেকটাই ভেঙে পড়ে। তার প্রমাণ মেলে ৯০+১ মিনিটে ইভান রাকিতিচের গোল।
প্রতি আক্রমণ থেকে একটি শট ঝাঁপিয়ে ঠেকান আর্জেন্টিনার গোলরক্ষক। তবে বল পেয়ে যান মাতেও কোভাচিচ। তার কাছ থেকে রাকিতিচ যখন বল পান সামনে কেবল মার্কোস আকুনা। গোলের অমন সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি রাকিতিচ।
ডি গ্রুপে ২ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে ক্রোয়েশিয়া। ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে আইসল্যান্ড। তারপরে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে আর্জেন্টিনা। ১ ম্যাচে ১ হার নিয়ে সবার নিচে নাইজেরিয়া।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২২