মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিচার করতে হবে: অ্যামনেস্টি
https://parstoday.ir/bn/news/world-i59616-মিয়ানমারের_শীর্ষ_সামরিক_কর্মকর্তাদের_বিচার_করতে_হবে_অ্যামনেস্টি
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, রোহিঙ্গা মুসলমানদের ওপর ভয়াবহ বর্বরতা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-তে বিচার করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৭, ২০১৮ ১০:০৪ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, রোহিঙ্গা মুসলমানদের ওপর ভয়াবহ বর্বরতা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-তে বিচার করতে হবে।

অ্যামনেস্টি বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত- মিয়ানমারের শীর্ষ সামরিক কমান্ডারসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে আইসিসি-তে পাঠানো। পাশাপাশি এসব কর্মকর্তা ও দেশ হিসেবে মিয়ানমারের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।

নয় মাসের তদন্ত শেষে অ্যামনেস্টি ১৯০ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সংস্থাটি বলেছে, মিয়ানমারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রোহিঙ্গা মুসলমানদের ওপর ভয়াবহ সহিংতা চালানো হয়েছে তা নিয়ে তাদের হাতে পাহাড়সম প্রমাণ রয়েছে।

মিয়ানমারের সামরিক বাহিনী ও উগ্রবাদী বৌদ্ধদের হামলা, হত্যা, নির্যাতন ও ধর্ষণের মুখে মিয়ানমার থেকে গত বছর অন্তত সাত লাখ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু বাংলাদেশে চলে যেতে বাধ্য হয়। এসব মানুষ বাংলাদেশের চলতি বর্ষা মৌসুমে পাহড়ের ঢালে উদ্বাস্তু শিবিরে অত্যন্ত কঠিন জীবন-যাপন করছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭