‘এবার আফগানিস্তানে শিরোশ্ছেদ করল দায়েশ’
-
নিহত এক ব্যক্তির কফিন (ফাইল ফটো)
আফগানিস্তানের নানগারহার প্রদেশের একটি বয়েজ স্কুলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তিন ব্যক্তিকে শিরোশ্ছেদ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। পরে ওই স্কুল ভবনটি আগুনে জ্বালিয়ে দেয় সন্ত্রাসীরা।
নানগারহার প্রদেশ পাকিস্তান সীমান্তে অবস্থিত এবং সেখানে সন্ত্রাসীরা শক্ত অবস্থান গড়ে তুলেছে। এর আগে ইরাক ও সিরিয়ায় এ গোষ্ঠী ব্যাপক শিরোশ্ছেদের ঘটনা ঘটিয়েছে।
আফগানিস্তানের প্রাদেশিক শিক্ষা বিভাগের মুখপাত্র মুহাম্মাদ আসিফ শিরওয়ানি শিরোশ্ছেদের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, স্কুলের প্রশাসনিক কার্যালয় এবং লাইব্রেরি পুড়ে একেবারে ভস্মিভূত হয়েছে। তবে যে তিন ব্যক্তিকে হত্যা করা হয়েছে তাদের পরিচয় পরিষ্কার নয়।
কোনো গোষ্ঠী এই বর্বর হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে নি। তবে নানগারহার প্রদেশের গভর্নর এক বিবৃতির মাধ্যমে দায়েশকে দায়ী করেছেন। এ ধরনের হামলার বিষয়ে গত মাসে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল দায়েশ।
এর আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে দায়েশ এ ধরনের বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে। সরকারের সঙ্গে সহযোগিতার অভিযোগ তুলে দায়েশ এমন বর্বরতা চালায়। আফগান সরকারের গোয়েন্দা তথ্য মতে- দেশের নয়টি প্রদেশে দায়েশ তৎপর রয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১