মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক আটক
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দুর্নীতির দায়ে আটক করা হয়েছে। এই বিষয়ের সঙ্গে জড়িত তিনটি সূত্রের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজাককে আজ (মঙ্গলবার) আটক করা হয়েছে এবং আগামীকাল (বুধবার) একদিনের রিমান্ড শেষে আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে।
তার বিরুদ্ধে ২০০৯ সালে নিজের গড়া রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল 'ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের বা ওয়ানএমডিবি'র অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এছাড়া, নাজিবের নির্দেশে ওই তহবিল থেকে বিভিন্ন বেনামি একাউন্টে বিলিয়ন ডলারেরও বেশি অর্থ জমা দেওয়ার অভিযোগ রয়েছে।
গত মে মাসে নির্বাচনে হারার পর থেকেই নাজিবের বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
ওয়ানএমডিবি কেলেঙ্কারি তদন্তের দায়িত্ব থাকা একটি টাস্কফোর্স গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, "৪০৮টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এসব হিসাবে রয়েছে ১১০ কোটি রিঙ্গিত। ওয়ানএমডিবির তহবিল থেকে এসব ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হয়েছিল বলে মনে করা হচ্ছে, যার মধ্যে ৮১ জন ব্যক্তি ও ৫৫টি কোম্পানি রয়েছে। ২০১১ সালের মার্চ থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসাবে প্রায় ৯০০ লেনদেন হয়েছে।"
এছাড়া, নির্বাচনের পর নাজিবের বাসায় তল্লাশি চালিয়ে প্রায় ২৭৩ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিলাসবহুল অলঙ্কার সামগ্রী ও নগদ অর্থ জব্দ করা হয়। ক্ষমতায় থাকাকালীন নিজের বিরুদ্ধে কোনো ধরণের দুর্নীতির অভিযোগ আমলে নেননি নাজিব। তবে একই অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রাখে কয়েকটি দেশ।#
পার্সটুডে/বাবুল আখতার/৩