মাইক পম্পেওর উত্তর কোরিয়া সফর আটকে দিলেন ট্রাম্প
-
পম্পেওকে হোয়াইট হাউজে ডেকে তার উত্তর কোরিয়া সফর স্থগিত করেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর পরিকল্পিত উত্তর কোরিয়া সফর স্থগিত করে দিয়েছেন। পিয়ংইয়ং’র পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় পর্যাপ্ত অগ্রগতি না হওয়াকে এ সফর স্থগিত করার কারণ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
শুক্রবার বিকেলে পম্পেওকে হোয়াইট হাউজে ডেকে তার উত্তর কোরিয়া সফর বাতিল করার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার কয়েকজন গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তা পম্পেওর উত্তর কোরিয়া সফরের সমালোচনা করে বলেছিলেন, তিনি বারবার উত্তর কোরিয়া সফরে গেলেও দেশটির পরমাণু অস্ত্র ধ্বংসের ব্যাপারে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার এক টুইটার বার্তায় পম্পেরও সফর স্থগিত করে দেয়ার কথা জানান। তিনি একইসঙ্গে কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় সহযোগিতা না করার জন্য চীনকে অভিযুক্ত করেন।
মাইক পম্পেও উত্তর কোরিয়া বিষয়ক তার নয়া বিশেষ প্রতিনিধি স্টিফেন বিগানকে নিয়ে পিয়ংইয়ং সফরে যাবেন বলে ঘোষণা করার পরদিন ট্রাম্প এ সফর আটকে দিলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবার উত্তর কোরিয়া সফরে যেতে পারলে গত জুনের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের পর এটি হতো তার দ্বিতীয় পিয়ংইয়ং সফর। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, এবারের সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে পম্পেওর বৈঠক হওয়ার সম্ভাবনা কম।
গত ১২ জুন সিঙ্গাপুরে কিম জং-উনের সঙ্গে বৈঠককে ব্যাপক সাফল্য বলে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই শীর্ষ বৈঠকে উত্তর কোরিয়া নিজের পরমাণু অস্ত্র ধ্বংসের মৌখিক প্রতিশ্রুতি দিলেও দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতায় কোনো শক্ত প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকেন কিম। বিষয়টি নিয়ে দেশে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫