দায়েশের আফগান প্রধান আবু সা’দ আরহাবি নিহত
https://parstoday.ir/bn/news/world-i63825-দায়েশের_আফগান_প্রধান_আবু_সা’দ_আরহাবি_নিহত
আফগানিস্তানে তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) প্রধান নেতা আবু সা’দ আরহাবি নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের খোগিয়ানি এলাকায় সেনাবাহিনীর এক হামলায় আরহাবিসহ আরো বেশ কিছু দায়েশ জঙ্গি নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০১৮ ০২:০৭ Asia/Dhaka
  • দায়েশ কখনো আরহাবির স্পষ্ট ছবি প্রকাশ করেনি
    দায়েশ কখনো আরহাবির স্পষ্ট ছবি প্রকাশ করেনি

আফগানিস্তানে তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) প্রধান নেতা আবু সা’দ আরহাবি নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের খোগিয়ানি এলাকায় সেনাবাহিনীর এক হামলায় আরহাবিসহ আরো বেশ কিছু দায়েশ জঙ্গি নিহত হয়েছে।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, গতরাতে আফগান সেনাবাহিনীর বিমান হামলায় দেশটিতে দায়েশের প্রধান নেতা ও তার ১০ সহযোগী নিহত হয়েছে।  তিনি আরো জানান, নিহত আরহাবি পাকিস্তানের ওরাকজাই এজেন্সি’র স্থায়ী অধিবাসী।

আফগান প্রেসিডেন্টের উপ মুখপাত্র শাহ হুসেন মুরতাযাবি নিজের ফেসবুক পেজে লিখেছেন, দায়েশ প্রধানের মৃত্যু প্রমাণ করে, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে কাবুল সরকার দৃঢ়প্রতিজ্ঞ।  

জঙ্গি গোষ্ঠী দায়েশের বর্বরতা (ফাইল ছবি)

এই নিয়ে আফগানিস্তানে দায়েশের চতুর্থ শীর্ষ নেতা নিহত হলো।   ২০১৬ সালের আগস্ট মাসে আফগানিস্তানে দায়েশের তৎকালীন নেতা হাফিজ খান নিহত হয়। এরপর ২০১৭ সালের মে মাসে দায়েশের দ্বিতীয় নেতা আব্দুল হাসিব নানগারহারে প্রদেশে নিহত হয়।  একই বছরের আগস্ট মাসে কুনার প্রদেশে নিহত হয় এই জঙ্গি গোষ্ঠীর তৃতীয় শীর্ষ নেতা  আবু সাইয়্যেদ।       

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশ ও মধ্যাঞ্চলীয় জুযজান প্রদেশে দায়েশের তৎপরতা সবচেয়ে বেশি। অবশ্য, সাম্প্রতিক সময়ে রাজধানী কাবুলসহ আরো কিছু শহরে শক্তিশালী বোমা হামলা চালানোর জন্য এই জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়েছে।#                                

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭