উত্তর কোরিয়ার বর্ষীয়ান পরমাণু বিজ্ঞানী জু কিউ চ্যাং’র মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i64037-উত্তর_কোরিয়ার_বর্ষীয়ান_পরমাণু_বিজ্ঞানী_জু_কিউ_চ্যাং’র_মৃত্যু
উত্তর কোরিয়ার একজন বর্ষীয়ান পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। ৮৯ বছর বয়সি জু কিউ চ্যাং উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বলে আমেরিকা তাকে নিষেধাজ্ঞার তালিকায় রেখেছিল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৮ ১৩:৪৫ Asia/Dhaka
  • জু কিউ চ্যাং
    জু কিউ চ্যাং

উত্তর কোরিয়ার একজন বর্ষীয়ান পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। ৮৯ বছর বয়সি জু কিউ চ্যাং উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বলে আমেরিকা তাকে নিষেধাজ্ঞার তালিকায় রেখেছিল।

কেসিএনএ আজ (মঙ্গলবার) জানিয়েছে, ‘প্রফেসর’ জু কিউ চ্যাং রক্তের জটিল রোগ ‘প্যানসিটোপেনিয়া’য় আক্রান্ত হয়ে গতকাল সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।

জু এক সময় উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দেশটির পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা ও উন্নয়নের কাজ তদারকি করে এই মন্ত্রণালয়। ২০১৩ সালে মার্কিন অর্থ বিভাগ উত্তর কোরিয়ার যেসব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল জু ছিলেন তাদের অন্যতম। 

২০১২ সালে উনহা-৩ রকেট নিক্ষেপ করে উত্তর কোরিয়া

এদিকে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইওনহ্যাপ জানিয়েছে, ২০০৯ সালে উত্তর কোরিয়া দূরপাল্লার যে উনহা-২ রকেট নিক্ষেপ করেছিল তার তদারকির দায়িত্বে ছিলেন জু। দেশটির তৎকালীন নেতা কিম জং-ইলের পাশে দাঁড়িয়ে তিনি ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পর্যবেক্ষণ করেছিলেন।  ২০১২ সালে দুরপাল্লার উনহা-৩ রকেট উৎক্ষেপণেও তিনি ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। ২০১৫ সালে এই পরমাণু বিজ্ঞানী অবসরগ্রহণ করেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪