পিয়ংইয়ং সফর; বিশাল অভ্যর্থনা: হবে কিমের সঙ্গে মুনের বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i64375-পিয়ংইয়ং_সফর_বিশাল_অভ্যর্থনা_হবে_কিমের_সঙ্গে_মুনের_বৈঠক
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনদিনের ঐতিহাসিক সফরে পিয়ংইয়ং গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৮ ১২:৩৬ Asia/Dhaka
  • বিমানবন্দরে মুন জায়ে-ইনকে উষ্ণ সম্বর্ধনা জানানো হচ্ছে
    বিমানবন্দরে মুন জায়ে-ইনকে উষ্ণ সম্বর্ধনা জানানো হচ্ছে

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনদিনের ঐতিহাসিক সফরে পিয়ংইয়ং গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।

পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালে (মঙ্গলবার) মুনকে স্বাগত জানান কিম জং উন। তিন দিনের শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধে সমাপ্তি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে অচল হয়ে পড়া পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আবার শুরুর প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান কিম জং উন

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরীয় যুদ্ধ হয় এবং সে সময় যুদ্ধবিরতি হয় কিন্তু আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে নি কোনো পক্ষ।

বিমান থেকে নামার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান কিম ও তার স্ত্রী। বিমানবন্দরে মুনকে স্বাগত ও অভ্যর্থনা জানতে বিপুলসংখ্যক সামিরক ও বেসামরিক ব্যক্তিত্ব বিমানবন্দরে উপস্থিতি ছিলেন।

মুন জায়ে-ইনকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন উত্তর কোরিয়ার বহুসংখ্যক মানুষ

এ সফরে মূল তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে; এগুলো হলো- দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নয়ন, উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা এবং দুই কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনার অবসান ঘটানো।#

পার্সটুডে/এসআইবি/১৮