শেষ পর্যন্ত সিরিয়াকে এস-৩০০ দেবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i64530-শেষ_পর্যন্ত_সিরিয়াকে_এস_৩০০_দেবে_রাশিয়া
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার দেশ আগামী দুই সপ্তাহের মধ্যে সিরিয়াকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ দেবে। এছাড়া, ভূমধ্যসাগর থেকে সিরিয়ার ওপর যেসব বিমান হামলা চালানো হয় তা বন্ধের ব্যবস্থা নেবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৮ ১৪:১০ Asia/Dhaka
  • এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার দেশ আগামী দুই সপ্তাহের মধ্যে সিরিয়াকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ দেবে। এছাড়া, ভূমধ্যসাগর থেকে সিরিয়ার ওপর যেসব বিমান হামলা চালানো হয় তা বন্ধের ব্যবস্থা নেবে।

ইহুদিবাদী ইসরাইলের শত্রুতামূলক তৎপরতার কারণে সিরিয়ার আকাশে রাশিয়ার একটি আইএল-২০ গোয়েন্দা বিমান বিধ্স্ত হওয়ার এক সপ্তাহ পর মস্কো এ ঘোষণা দিল। বিমান ধ্বংসের ঘটনায় রাশিয়ার অন্তত ১৫ সেনা নিহত হয়। রাশিয়ার এ পদক্ষেপে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে।

আইএল-২০ গোয়েন্দা বিমান

টেলিভিশনে দেয়া ভাষণে সের্গেই শোইগু বলেন, “বিমান ধ্বংসের ঘটনায় সিরিয়ায় মোতায়েন রুশ সেনা ও সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করতে বাধ্য হয়েছে মস্কো।” তিনি আরো বলেন, এস-৩০০ সরবরাহ করলে সিরিয়ার সেনাদের যুদ্ধক্ষমতা অনেক বেড়ে যাবে।  

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সিরিয়ার আকাশে রুশ গোয়েন্দা বিমান ধ্বংসের ঘটনায় ইসরাইলের সঙ্গে সম্পর্কের নিশ্চিত অবনতি হবে। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের পাইলটরা পূর্বপরিকল্পনা অনুসারে ইচ্ছা করেই রুশ বিমান ধ্বংসের মতো প্রেক্ষাপটে তৈরি করেছে।#  

পার্সটুডে/এসআইবি/২৪