পোল্যান্ডে সম্ভাব্য মার্কিন ঘাঁটির বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি
-
আলেক্সান্দার গ্রুশকো
পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের যে উদ্যোগ মার্কিন সরকার নিয়েছে তার তীব্র বিরোধিতা করেছে রাশিয়া।
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার গ্রুশকো বলেছেন, পোল্যান্ডে স্থায়ী ঘাঁটি নির্মাণের মার্কিন প্রচেষ্টা ইউরোপের নিরাপত্তাকে বিঘ্নিত করবে। সেইসঙ্গে রাশিয়ার সীমান্তের কাছে সেনা মোতায়েন না করার ব্যাপারে ন্যাটো জোটের সঙ্গে মস্কোর যে চুক্তি রয়েছে পোল্যান্ডে ঘাঁটি স্থাপন করলে তাও লঙ্ঘিত হবে।
গ্রুশকো বলেন, আমেরিকার এ ধরনের পদক্ষেপের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করার যথেষ্ট কারণ রয়েছে। আর এটি বাস্তবায়িত হলে পূর্ব ইউরোপের নিরাপত্তা নিশ্চিতভাবে বিঘ্নিত হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে এক বৈঠক শেষে বলেছেন, পোল্যান্ডে একটি বড় সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখছে ওয়াশিংটন। ওয়ার’শ এই খাতে শত শত কোটি ডলার খরচ করতেও প্রস্তুত রয়েছে।
এর আগে পোল্যান্ডের পক্ষ থেকেই দেশটিতে স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের জন্য ওয়াশিটনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছিল, দেশটি এ ঘাঁটি স্থাপনের খরচ বহন করবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬