ইরানকে মোকাবেলায় সৌদি এবং ইসরাইলের সেনাপ্রধানের মধ্যে বৈঠক!
https://parstoday.ir/bn/news/world-i65106-ইরানকে_মোকাবেলায়_সৌদি_এবং_ইসরাইলের_সেনাপ্রধানের_মধ্যে_বৈঠক!
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান গাদি আইজেনকত এবং সৌদি আরবের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ফায়াদ বিন হামিদ রাকেদ আল রুয়াইলি ওয়াশিংটনে সাক্ষাৎ করেছেন বলে ইসরাইলের সংবাদ মাধ্যম জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০১৮ ১৪:৪১ Asia/Dhaka
  • সৌদি আরবের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ফায়াদ বিন হামিদ রাকেদ আল রুয়াইলি (ডানে) এবং আইজেনকত
    সৌদি আরবের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ফায়াদ বিন হামিদ রাকেদ আল রুয়াইলি (ডানে) এবং আইজেনকত

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান গাদি আইজেনকত এবং সৌদি আরবের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ফায়াদ বিন হামিদ রাকেদ আল রুয়াইলি ওয়াশিংটনে সাক্ষাৎ করেছেন বলে ইসরাইলের সংবাদ মাধ্যম জানিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তেল আবিব গোপন সম্পর্ক তৈরির চেষ্টা করছে বলে যখন খবর বের হচ্ছে তখন দুই দেশের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডারদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

ইসরাইলের কান সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই পক্ষ গত মঙ্গলবার আমেরিকায় অনুষ্ঠিত 'উগ্র সংগঠন প্রতিরোধ' বিষয়ক একটি সম্মেলনের অবকাশে ইরানসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এছাড়া, একই অনুষ্ঠানের অবকাশে রুয়াইলি এবং আইজেনকত আরো কিছু আরব দেশের সেনা প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে। তবে সেসব দেশের নাম উল্লেখ করা হয় নি।

আইজেনকত এবং রুয়াইলির মধ্যে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে এই প্রথম দুই পক্ষের সামরিক প্রধানদের আলোচনার বিষয়টি প্রকাশ্যে গণমাধ্যমে এসেছে। এর আগে গত নভেম্বরে ইসরাইলি সেনাবাহিনীর প্রধান আইজেনকত সৌদি মালিকানাধীন অনলাইন ভিত্তিক এলাফ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তেহরানকে মোকাবেলার জন্য যৌথ প্রচেষ্টা জোরদার করতে সৌদি আরবকে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সরবরাহে  তেল আবিব প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছিলেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭