পরমাণু অস্ত্রের উৎপাদন বাড়াব: ট্রাম্পের দম্ভোক্তি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের পরমাণু অস্ত্র শক্তিশালী করা হবে বলে হুমকি দিয়েছেন। চীন ও রাশিয়াকে শিক্ষা দিতে এ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তার আগের এক বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, ১৯৮৭ সালে রাশিয়ার সঙ্গে তার দেশের স্বাক্ষরিত আইএনএফ চুক্তি লঙ্ঘন করছে মস্কো। এ কারণে ওই চুক্তি থেকে আমেরিকাকে বের করে নেবেন তিনি। রাশিয়া অবশ্য ট্রাম্পের এ অভিযোগ অস্বীকার করেছে।
শীতল যুদ্ধের শেষদিকে স্বাক্ষরিত ওই চুক্তিতে মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয় যার ফলে ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, ইউরোপীয় দেশগুলোর ওপর সাবেক সোভিয়েত ইউনিয়নের সম্ভাব্য হামলা বন্ধ করা সম্ভব হয়েছিল।
ট্রাম্প বলেছেন, ‘কিছু মানুষের শুভবুদ্ধির উদয় হওয়া পর্যন্ত’ আমেরিকা পরমাণু অস্ত্রের উৎপাদন বাড়াতেই থাকবে। তবে রাশিয়া পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা পরমাণু অস্ত্রের সংখ্যা ও ধ্বংসক্ষমতা বাড়ালে মস্কো একই ব্যবস্থা নেবে।
সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন মস্কো সফরে গেলে তাকে একথা জানিয়ে দেয় রাশিয়া। রুশ কর্মকর্তারা বোল্টনকে বলেন, আইএনএফ চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে গেলে বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রচেষ্টা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হবে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩