খাশোগি হত্যাকাণ্ড: সৌদি ব্যাখ্যায় সন্তুষ্ট নয় জি-সেভেন
-
তুরস্কের ফরেনসিক টিমের সদস্যরা
সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি সরকারের তীব্র সমালোচনা করেছেন শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা বলেছেন, গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেট ভবনে খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় রিয়াদ এ পর্যন্ত যে ব্যাখ্যা দিয়েছে তা মোটেই সন্তোষজনক নয় বরং নানা প্রশ্নের জবাব এখনো পাওয়া যায় নি।
গতকাল (মঙ্গলবার) এক যৌথ বিবৃতিতে জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা এসব কথা বলেছেন। জি সেভেনের বর্তমান সদস্য হচ্ছে- কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, জার্মানি, ব্রিটেন ও আমেরিকা। অবশ্য, বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের উঁচু পর্যায়ের এক কর্মকর্তা জগিত রয়েছেন এবং জি সেভেনের পক্ষ থেকে অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, “জামাল খাশোগির হত্যাকাণ্ডের কথা স্বীকার করা হচ্ছে স্বচ্ছতা ও জবাদিহিতার প্রথম পদক্ষেপ তবে এখনো অনেক প্রশ্নে জবাব মেলে নি।” বিবৃতিতে মন্ত্রীরা বলেছেন, হত্যাকাণ্ডের বিষয়ে তুরস্ক যে তদন্ত চালাচ্ছে তাতে রিয়াদকে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তথ্য দিতে হবে।
এছাড়া, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরকে বিচারের আওতায় আনার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন জি-সেভেনের মন্ত্রীরা। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড যাতে আর না ঘটে তারও নিশ্চয়তা দেয়ার দাবি জানিয়েছে জি-সেভেন।#
পার্সটুডে/এসআইবি/২৪