ম্যাটিসের ভিন্ন সুর: আমেরিকা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে বেরিয়ে যাবে না
https://parstoday.ir/bn/news/world-i65372-ম্যাটিসের_ভিন্ন_সুর_আমেরিকা_অস্ত্র_নিয়ন্ত্রণ_চুক্তি_থেকে_বেরিয়ে_যাবে_না
রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক পরমাণু নিয়ন্ত্রণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কোন ইচ্ছা আমেরিকার নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাবেন বলে ঘোষণা দেয়ার পর তারই মন্ত্রী ম্যাটিসের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য এলো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২৮, ২০১৮ ১২:৫৭ Asia/Dhaka
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস

রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক পরমাণু নিয়ন্ত্রণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কোন ইচ্ছা আমেরিকার নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাবেন বলে ঘোষণা দেয়ার পর তারই মন্ত্রী ম্যাটিসের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য এলো।

গতকাল (শনিবার) বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক একটি ফোরামে দেয়া বক্তৃতায় ম্যাটিস বলেন, "প্রকৃতপক্ষে আমাদেরকে বাস্তবতা উপলব্ধি করতে হবে। আমরা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে যাচ্ছি না। তবে এ চুক্তি কেবল কাগজে কয়েকটি শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটির যথার্থ বাস্তবায়ন ঘটাতে হবে।" তিনি বলেন, "আমরা আমাদের ইউরোপীয়ান মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছি। আমরা চুক্তি মেনে এ সহযোগিতা অব্যাহত রাখব এবং ইউরোপীয়ান দেশগুলোর নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এর প্রভাব রয়েছে।"   

১৯৮৭ সালে সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মধ্যে এ চুক্তি হয়েছিল। চুক্তির অধীনে ৫৫০ কিলোমিটার থেকে ৫,৫০০ কিলোমিটার পাল্লার পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করা হয়। এ চুক্তির ধারাবাহিকতায় দু দেশ প্রায় ২,৭০০ স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। এদিকে আমেরিকার পক্ষ থেকে আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি লঙ্ঘন করা বিরাট বিপজ্জনক পদক্ষেপ এবং তারা এ ধরনের চুক্তি থেকে সরে গিয়ে অস্ত্র প্রতিযোগিতা শুরু ছাড়া কিছুই করবে না বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২৮